জমিদার বাড়ি ভেঙে সাত পরিবারকে উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটীতে প্রায় দেড় শ বছরের পুরোনো জমিদার বাড়ি ভেঙে সাতটি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। কোনো নোটিশ ছাড়াই গতকাল শনিবার আওয়ামী লীগের স্থানীয় এক নেতা তাদের উচ্ছেদ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
উচ্ছেদের শিকার হওয়া ৯০ বছর বয়সী কানন বালা মণ্ডল বলেন, দেড় শ বছর আগে নারায়ণ চন্দ্র সাহা নামের এক ব্যক্তির পূর্বপুরুষেরা বাড়িটি নির্মাণ করেন। তাঁরা এখানকার তৎকালীন জমিদার। স্বাধীনতাযুদ্ধের সময় নারায়ণ চন্দ্র সাহা তাঁদের কর্মচারী ১০টি হিন্দু পরিবারকে এই বাড়িতে রেখে ভারতে চলে যান। যুদ্ধের পর ওই ১০ পরিবারের সঙ্গে আরও কয়েকটি মুসলিম পরিবার এখানে বসবাস শুরু করে। তিনি অভিযোগ করেন, ’৯০ সালের পর ফতুল্লা থানা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল্লাহ বাড়ির তৃতীয় তলা দখল করে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতে থাকেন। পরে তিনি অন্যত্র চলে যান।
কানন বালা মণ্ডল অারও অভিযোগ করে বলেন, ‘১৫ বছর আগে বাড়ির ভেতর একটি লোকনাথ মন্দির নির্মাণ করা হয়। তখন এখানে আমরাসহ ১৫টি হিন্দু পরিবার ছিলাম৷ শনিবার (গতকাল) সেই মন্দির শহিদুল্লাহ তাঁর লোকজন দিয়ে ভেঙে দিয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় তিনি (শহিদুল্লাহ) তিনটি পরিবারকে ঘর থেকে বের করে দেন।’
তিনি আরও অভিযোগ করেন, শনিবার দুপুের আওয়ামী লীগ নেতা শহিদুল্লাহ তাঁর ক্যাডার বাহিনী নিয়ে পাঁচটি ভবন ভেঙে গুঁড়িয়ে দেন এবং আরও চারটি পরিবারকে উচ্ছেদ করেন। পরে পুলিশ এসে তাঁদের ভাঙচুর করতে বারণ করলে তাঁরা চলে যান।
আওয়ামী লীগ নেতা শহিদুল্লাহ দাবি করেন, ১৯৭৫ সালে নারায়ণ চন্দ্র সাহার কাছ থেকে মান্নান নামের এক ব্যক্তি ২০ শতক জমি চার হাজার টাকায় কেনেন৷ মান্নানের কাছ থেকে ১৯৭৮ সালে ২৫ হাজার টাকায় ওই জমি আমি কিনি।’এত দিন পর জমি দখলে নেওয়ার বিষয়ে জানতে চাইলে শহিদুল্লাহ বলেন, ‘এখন আমার প্রয়োজন, তাই আমি জমি দখলে নেব।’