জমিদার যদুনাথ রায়ের সম্পত্তি রক্ষায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের বালাশুর এলাকায় জমিদার যদুনাথ রায়ের বাড়ি ও সম্পত্তি রক্ষার দাবিতে গতকাল শুক্রবার মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, লেখক, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত এ কর্মসূচি চলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মানববন্ধনে এলাকাবাসী বিভিন্ন লেখা ও দাবিসংবলিত ফেস্টুন এবং প্ল্যাকার্ড নিয়ে অংশ নেয়। প্ল্যাকার্ডে ও ফেস্টুনে লেখা ছিল, জমিদার যদুনাথ রায়ের বাড়ি দখল করে ‘জাদুঘর চাই না, হাসপাতাল চাই, মেয়েদের জন্য স্কুল চাই’। আরও লেখা ছিল ‘মহাজোট সরকারের ভাবমূর্তি বিনষ্টকারী লেনিনের ফাঁসি চাই।’ এলাকাবাসী অভিযোগ করেন, জাদুঘর ও বিনোদনকেন্দ্র নির্মাণের নাম করে ভূমি দখলকারীরা তাঁদের বাড়িঘর উচ্ছেদ করছে। তাই এলাকাবাসী যদুনাথ রায়ের সম্পত্তি দখল করে জাদুঘর নির্মাণ করতে চায় না। তারা এখানে একটি হাসপাতাল ও একটি বিদ্যালয় নির্মাণের দাবি জানায়।এলাকাবাসীর এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে ঢাকা থেকে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দুর্গাদাস ভট্টাচার্য, মানবাধিকারবিষয়ক লেখক সালাম আজাদ, ব্যবস্থাপনা পরিচালক ডলফিন এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের ক্যাপ্টেন (অব.) সচিন কর্মকার, বাংলাদেশ খ্রিষ্টান ঐক্য পরিষদের মহাসচিব নির্মল রোজারিও, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক তাপস পাল প্রমুখ। এলাকাবাসী ইসমাইল হোসেন অভিযোগ করেন, ‘জাদুঘর নির্মাণ করবে বলে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি নূহ-উল আলম লেনিন ও প্রশাসনের লোকজন এসে তাঁর ঘরের বেড়া ভেঙে দিয়েছেন। এখানে থেকে উচ্ছেদ করে দিলে থাকব কই।’ অধ্যাপক দুর্গাদাস ভট্টাচার্য বলেন, এলাকাবাসীর দাবি এখানে একটি হাসপাতাল ও একটি মেয়েদের বিদ্যালয় নির্মাণ করার। এখানে হাসপাতাল ও বিদ্যালয় করা হলে এলাকার মানুষের উপকার হবে। দুর্গাদাস এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কল্যাণে আসবে না এমন কিছু এখানে করবেন না। সালাম আজাদ বলেন, এলাকার শত শত মানুষ জমিদারবাড়ির পুকুরে গোসল করতে পারে। জাদুঘর নির্মাণ করা হলে এলাকার লোকজন গোসল পর্যন্ত করতে পারবে না। ক্যাপ্টেন সচিন কর্মকার বলেন, অর্পিত সম্পত্তি ১৯৮৪ সালের পরে লিজ দেওয়া নিষেধ করা হয়েছে। এ ছাড়া লিজ করা সম্পত্তিতে পাকা স্থাপনা নির্মাণ করা যাবে না। কিন্তু একটি এনজিও (অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন) লিজ নিয়ে ভবন নির্মাণ করছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন জাদুঘর ও একটি বিনোদনকেন্দ্র নির্মাণের জন্য যদুনাথ রায়ের বাড়ির দুটি পুকুরসহ প্রায় সাত একর জমি বন্দোবস্ত গ্রহণ করেন। ২০১০ সালের ২৯ মে স্থানীয় সরকারবিষয়ক মন্ত্রী আশরাফুল ইসলাম প্রায় সোয়া কোটি টাকা ব্যয়ে জাদুঘর ও বিনোদনকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জেলা পরিষদের অর্থায়নে ও তত্ত্বাবধায়নে এ কাজ চলছে। নূহ-উল-আলম লেনিন বলেন, ‘আমরা আইন অনুযায়ী লিজ গ্রহণ করে এখানে জাদুঘর নির্মাণ করছি।’ জেলা প্রশাসক মো. আজিজুল আলম বলেন, ‘সরকার এখানে জাদুঘর ও বিনোদনকেন্দ্র নির্মাণে আগ্রহী বলেই আমরা করছি। লিজ করা সম্পত্তিতে পাকা স্থাপনা করতে কোনো বাধা নেই।’তবে ১৯৮৪ সালের পরে অর্পিত সম্পত্তি লিজ দেওয়া যায় না, এলাকাবাসীর এ দাবি প্রসঙ্গে তিনি বলেন, ১৯৮৪ সালের পরে অর্পিত সম্পত্তি একদম নতুন করে লিজ দেওয়া যায় না। কিন্তু এর আগে দেওয়া লিজ সম্পত্তি নবায়ন, পুনঃ নবায়ন বা বাতিল করে নতুন কাউকে দেওয়ার বিধান রয়েছে।