জমিদারবাড়িতে বিদ্যালয় বৃষ্টি এলে ভিজতে হয়

শতবর্ষী, থুত্থুড়ে জমিদারবাড়িটি নিজেই ধুঁকছে। তার ওপর একটি বিদ্যালয়ের প্রশাসনিক কাজ চলে বাড়িটির কয়েকটি কক্ষে। আর শ্রেণির কাজ, পাঠদানের পর্ব চলে বাড়ির আঙিনায়, খোলা আকাশের নিচে। একটু বৃষ্টি এলেই ভিজতে হয়।
বাড়িটির সংস্কার জরুরি। কিন্তু স্কুল কর্তৃপক্ষ নিরুপায়। ভবন সংস্কারে তহবিল তাদের নেই, কোনো বরাদ্দও মিলছে না। আবার ভবনটি ছেড়ে গিয়ে আশ্রয় নেওয়ার মতো জায়গাও তাদের নেই।
স্কুলটির নাম লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয়। এটি রাজশাহী নগরের লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত। বর্তমানে এখানে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। ছাত্রী আছে ১ হাজার ১০০ জন। শিক্ষক-কর্মচারী ২৯ জন।
স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৫৭ সালের দিকে জমিদার মণীন্দ্রনাথ রায় চৌধুরী সপরিবারে ভারতে চলে যান। রাজশাহী নগরের লক্ষ্মীপুর এলাকায় তাঁর নিজের ব্যবহৃত বাড়িটি পরিত্যক্ত ছিল। ১৯৬০ সালে এই ভবনেই স্থানীয় উদ্যোক্তারা লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। দ্বিতল ভবনটির নিচে সাতটি এবং ওপরে পাঁচটি কক্ষ রয়েছে। দীর্ঘদিন কোনো সংস্কার না করায় ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। দেয়ালের পলেস্তারা খসে পড়েছে। তীর-বর্গার ছাদ থেকেও চুন-সুরকি খসে পড়ছে। বৃষ্টির সময় এই জমিদারবাড়িতে বসেই শিক্ষক-কর্মচারীদের ভিজতে হয়।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আ ট ম মারুফ-আল-ফারুকী এই বিদ্যালয় পরিদর্শন করে গত ২৭ জানুয়ারি একটি প্রতিবেদন দাখিল করেন। এতে বলা হয়েছে, বিদ্যালয়ের মূল পুরোনো জরাজীর্ণ ভবনটির নির্মাণকাল ১০০ বছর বা তারও বেশি। ভবনটি তাই ঝুঁকিপূর্ণ ও যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বর্তমানে বিদ্যালয়ে পর্যাপ্ত কক্ষ না থাকায় দ্বিতল ওই ভবনে শুধু নিচতলা ঝুঁকিপূর্ণ অবস্থায় প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহার করা হচ্ছে।
দোতলার ছাদ খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। সামান্য বৃষ্টি হলেই পানি পড়ে এবং দেয়াল ভেদ করে নিচতলার মেঝে ভিজে যায়। দোতলায় ওঠার সিঁড়ি এবং উত্তর পাশের বারান্দার পূর্ব ও পশ্চিম প্রান্তে নিচতলার কক্ষের দেয়ালে ফাটলের সৃষ্টি হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভবনের ওপরতলাটি আর মেরামতযোগ্য নয়। নিচতলাটি ঐতিহ্য হিসেবে সংরক্ষণ করা যেতে পারে। তবে ওপরের ক্ষতিগ্রস্ত অংশটি অপসারণ করতে গেলে নিচের ভবনেরও ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে হেরিটেজ-রাজশাহীর প্রতিষ্ঠাতা মাহাবুব সিদ্দিকী বলেন, শতবর্ষের ঐতিহ্যের বিষয়টি বিবেচনা করে ভবনটি ভেঙে না ফেলে সংরক্ষণ করা যুক্তিযুক্ত। পৃথিবীর বিভিন্ন দেশে পুরাকীর্তি ধ্বংস না করে যেভাবে পাওয়া গেছে, সেভাবেই সংরক্ষণ করা হয়। এই জমিদারবাড়িটির ক্ষেত্রেও সেই উদ্যোগই নেওয়া উচিত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরিন জাফর জানান, তিনি দায়িত্বে আসার পর থেকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় ভবনটি সংস্কারের প্রসঙ্গ বারবার উত্থাপন করেছেন। কিন্তু বিদ্যালয়ের নিজস্ব তহবিলে সংস্কার করার মতো টাকা না থাকার কারণে কিছু করা সম্ভব হয়নি। তিনি বলেন, বর্তমান জেলা প্রশাসক মেজবাহ্ উদ্দিন চৌধুরীও একবার এসে দেখে গেছেন।