জমিদারহাটে সওজের জায়গায় ফের স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট বাজারে ফেনী-নোয়াখালী মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গায় ফের স্থাপনা নির্মাণ শুরু হয়েছে। স্থানীয়ভাবে প্রভাবশালী ব্যক্তিদের ছত্রচ্ছায়ায় কোনো ধরনের বন্দোবস্ত ছাড়াই এসব দখল চলছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে জমিদারহাট ছাড়াও বেগমগঞ্জের সেতুভাঙা, সেনবাগ উপজেলার ছমিরমুন্সিরহাট, রাস্তামাথা ও সেবারহাট এলাকায় সওজের উদ্যোগে কয়েক শ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। মহাসড়ক ঘেঁষে গড়ে ওঠা অবৈধ দোকানপাটের কারণে বাজারগুলোতে প্রায়ই যানজট লেগে থাকত।
গত রোববার জমিদারহাট ঘুরে দেখা যায়, পশ্চিম বাজার থেকে শুরু করে পূর্ব বাজার পর্যন্ত প্রায় পুরো বাজারে মহাসড়কসংলগ্ন খালের ওপর নতুন করে দোকানপাট নির্মাণ চলছে। বাঁশ, কাঠ ও টিন দিয়ে অস্থায়ী স্থাপনা নির্মাণে ব্যস্ত শ্রমিকেরা। এ সময় জমিদারহাট পূর্ব বাজারে কথা হয় দখলের সঙ্গে জড়িত মোমিনুল হকের সঙ্গে। প্রথম আলোকে তিনি বলেন, ‘সরকারি খাসের জায়গা। বন্দোবস্ত চেয়েও পাওয়া যায়নি। আগেও বন্দোবস্ত না নিয়ে দোকানঘর নির্মাণ করেছেন। সরকারের লোকজন প্রায় দুই মাস আগে ভেঙে দিয়েছিল। এখন আবার নতুন করে ঘর তুলছেন। ভেঙে দিলে দেবে। কী আর করার আছে। আমাদের তো খেয়ে বাঁচতে হবে।’
স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, সড়কের পাশের জায়গা দখলের সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের পেছনে এলাকার প্রভাবশালী লোকজন রয়েছেন। যার কারণে অবৈধ দখল উচ্ছেদ হতে না-হতে বন্দোবস্ত ছাড়াই আবার দখল শুরু করার সাহস পাচ্ছেন লোকজন।
এ বিষয়ে সওজ বিভাগের নোয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহেদ হোসেন প্রথম আলোকে বলেন, মহাসড়কের পাশের কোনো জায়গা কাউকে ইজারা দেওয়া হয়নি। গত মাসে বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এখন পুনরায় যদি কেউ অবৈধ স্থাপনা তৈরি করেন, শিগগির তা-ও উচ্ছেদ করা হবে।