জমিদারের মতো আচরণে জনগণ চরম শাস্তি দেবে: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জনস্বার্থ জলাঞ্জলি দিয়ে যেসব জনপ্রতিনিধি জমিদারের মতো আচরণ করেন, আগামী নির্বাচনে জনগণ তাঁদের চরম শাস্তি দেবে।’ আজ শুক্রবার সকালে ফেনীর মহিপাল চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোর লেন প্রকল্পে উড়ালসেতুর স্থান পরিদর্শনে গিয়ে যোগাযোগমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দেশের মহাসড়কগুলোতে অবৈধ স্থাপনা ও ইজিবাইক, করিমন, নছিমন, ভটভটিসহ অননুমোদিত যানবাহন অপসারণের ক্ষেত্রে অনেক জায়গায় জনপ্রতিনিধিরা বাধার মূল কারণ হয়ে দাঁড়ান। তাঁদের আচরণ দেখে মনে হয়, তাঁরা একেক তল্লাটের একেকজন জমিদার।’

ওবায়দুল কাদের জানান, আগামী এক মাসের মধ্যে ফেনীর মহিপাল চৌরাস্তায় ৫৬০ মিটার দৈর্ঘ্যের এ উড়ালসেতুটির জন্য দরপত্র আহ্বান করা হবে। গত ৭ নভেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোর লেন প্রকল্পে এ উড়ালসেতুটি সংযোজনের ঘোষণা দিয়েছিলেন যোগাযোগমন্ত্রী।

এ সময় ফেনীর জেলা প্রশাসক হুমায়ুন কবীর খোন্দকার, পুলিশ সুপার পরিতোষ ঘোষ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোর লেনের প্রকল্প পরিচালক ইবনে আলম হাসান, সড়ক ও জনপথ বিভাগের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম ও ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান উপস্থিত ছিলেন।