জমির আহমেদের সাংবাদিকতার ৫০ বছর উদ্যাপন

কেক কেটে ও উত্তরীয় পরিয়ে যশোরের প্রবীণ সাংবাদিক এস কে এম জমির আহমেদের সাংবাদিকতার ৫০ বছর ও ৮০তম জন্মদিন উদ্যাপন করা হলো। গতকাল বুধবার দুপুর ১২টায় যশোর প্রেসক্লাব ও বিকেল পাঁচটায় সাংস্কৃতিক সংগঠন চাঁদের হাট যশোর জেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠান করা হয়।
জমির আহমেদ চাঁদের হাট যশোরের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ও যশোর প্রেসক্লাবের সাবেক সভাপতি।
দুপুর ১২টায় প্রেসক্লাব মিলনায়তনে স্মৃতিচারণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান। পরে কেক কাটা হয়।
বিকেল পাঁচটায় চাঁদের হাট সংগঠন চত্বরে স্মৃতিচারণামূলক অনুষ্ঠানে বক্তব্য দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তার, শিক্ষাবিদ আমিরুল আলম খান, তারাপদ দাস, সাংবাদিক ফারাজি আহমেদ সাঈদ প্রমুখ। অনুষ্ঠানে জমির আহমেদের গলায় উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।