জমির ইজারা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট লাইব্রেরি ও ক্লাবের জায়গা ইজারা দেওয়া এবং নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থীরা শহরে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছে। তারা অবিলম্বে ওই ইজারা বাতিল করে লাইব্রেরি অ্যান্ড ক্লাবের নামে ইজারা প্রদান এবং বন্ধ করে দেওয়া নির্মাণকাজ শুরুর দাবি জানায়।

গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরের প্রধান সড়কের পাশে এবং লাইব্রেরি অ্যান্ড ক্লাব ভবনের সামনেও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জাগ্রত ছাত্রসমাজের ব্যানারে এ কর্মসূচি হয়। এ সময় বক্তব্য দেন লাইব্রেরি ও ক্লাবের সাধারণ সদস্য তমাল আহম্মেদ, জয়পুরহাট সরকারি কলেজের রাইজুল ইসলাম।

মানববন্ধনে অংশ নেওয়া জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী শাকিল হোসেন, জাহিদ হোসেন, শিপলু বিশ্বাস ও অহিদুল ইসলাম বলেন, জয়পুরহাটের ঐতিহ্যবাহী লাইব্রেরি ও ক্লাবের জায়গা ব্যক্তি জিল্লুর রহমান খানের নামে নেওয়া ইজারা বাতিল করে লাইব্রেরি ও ক্লাবের নামে দিতে হবে।

মানববন্ধনে অংশ নেওয়া জয়পুরহাট লাইব্রেরি ও ক্লাবের সাধারণ সদস্য তমাল আহম্মেদ বলেন, অবিলম্বে জিল্লুর রহমান খানের ইজারা বাতিল করে লাইব্রেরি ও ক্লাবকে ওই জমি দেওয়া হোক। সেই সঙ্গে জয়পুরহাট জেলা পরিষদ থেকে লাইব্রেরি ও ক্লাবের নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দেওয়ার যে নোটিশ দেওয়া হয়েছে, তা প্রত্যাহার করে নিতে হবে।

জয়পুরহাট শহরের প্রাণকেন্দ্র শহীদ ডা. আবুল কাশেম ময়দানে ১৯৪৭ সালের মার্চ মাসের দিকে স্থানীয় বিদ্যোৎসাহী লোকজন লাইব্রেরিটি প্রতিষ্ঠা করেন। শুরুতে প্রায় তিন কাঠার ওই জায়গায় দুটি টিনশেডের আধা পাকা ঘর নির্মাণ করা হয়েছিল। একটি কক্ষে বই এবং অপর কক্ষে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলা (ইনডোর গেম) হতো। বেশ কিছুদিন আগে টিনশেডের ঘরটি ভেঙে নতুন ভবন নির্মাণের কাজ শুরু করে লাইব্রেরি কর্তৃপক্ষ। হঠাৎ করে গত ২২ জানুয়ারি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিক লাইব্রেরি কর্তৃপক্ষকে নোটিশ দিয়ে কাজ বন্ধের নির্দেশ দেন।

লাইব্রেরির দখলে থাকা জমির কিছু অংশ জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান খান গত বছরের ৪ অক্টোবর জেলা পরিষদ থেকে ইজারা পান। ওই সময় জেলা পরিষদের প্রশাসকের দায়িত্বে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী।

জয়পুরহাট লাইব্রেরি ও ক্লাবের সহসভাপতি আজহার আলী সরদার জানান, জেলা পরিষদ তাঁদের কোনো নোটিশ না দিয়েই লাইব্রেরির দখলে থাকা জায়গা জিল্লুর রহমানের নামে ইজারা দেওয়া হয়। তিনি আরও বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে ওই লাইব্রেরির সঙ্গে তিনি জড়িত। আজহার আলী দাবি জানান, ওই ইজারা বাতিল করে লাইব্রেরির নামে ইজারা দেওয়া হোক।

২ ফেব্রুয়ারি প্রথম আলো পত্রিকার শেষ পৃষ্ঠায় ‘জমি ইজারা নিয়েছেন আওয়ামী লীগ নেতা, লাইব্রেরি ভবনের কাজ বন্ধ করে দিল জেলা পরিষদ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়েছিল।