জমির উচ্চমূল্য ফ্ল্যাটের দাম বাড়ার বড় কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিয়াকত আলী ভূঁইয়া
লিয়াকত আলী ভূঁইয়া

প্রথম আলো: দেশের বড় শহরে ফ্ল্যাটের যে দাম, তা মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে। ফ্ল্যাটের দাম মধ্যবিত্তের নাগালের মধ্যে কি আনা সম্ভব নয়?
লিয়াকত আলী ভূঁইয়া: হ্যাঁ, এ কথা ঠিক এখনো রাজধানীসহ দেশের বড় শহরগুলোয় ফ্ল্যাটের যে দাম, তা মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার চেয়ে বেশি। এর বড় কারণ এ শিল্পের সঙ্গে যুক্ত প্রয়োজনীয় সামগ্রী বা উপকরণের দাম। জমির উচ্চমূল্য ফ্ল্যাটের দাম বাড়ার অন্যতম কারণ। তাই প্রয়োজনীয় সামগ্রী ও জমির দাম না কমলে ফ্ল্যাটের দামও কমবে না। সরকার যেভাবে ফ্লাইওভার বা উড়ালসড়ক করছে, এর ফলে রাজধানীর বাইরে ইতিমধ্যেই অনেক নির্মাতা প্রতিষ্ঠান তাদের কার্যক্রম শুরু করেছে। এতে ফ্ল্যাটের দাম কমে আসবে।
প্রথম আলো: আবাসন সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরে আপনারা রাজধানীর আশপাশে স্যাটেলাইট শহর নির্মাণের কথা বলছেন। সরকার এগিয়ে না এলে আবাসন খাতের ব্যবসায়ীরা কি এ ধরনের উদ্যোগ নিতে পারেন না?
লিয়াকত আলী ভূঁইয়া: একাধিক আবাসন ব্যবসায়ী মিলে দেশের বিভিন্ন স্থানে স্যাটেলাইট শহর তৈরির উদ্যোগ নিতে পারেন। কিন্তু বাস্তব ক্ষেত্রে এটি কিছুটা সময়সাপেক্ষ। এ ছাড়া এ ধরনের উদ্যোগের সঙ্গে অনেককে একসঙ্গে যুক্ত করাও কঠিন। কারণ, প্রত্যেকের ব্যবসার নিজস্ব কিছু ধরন আছে। কিন্তু সরকার যদি উদ্যোগ নেয়, তাহলে কাজটি অনেক সহজ হয়ে যায়। তা সত্ত্বেও পর্যটন নগর কক্সবাজারে আবাসন ব্যবসায়ীদের উদ্যোগে একটি পরিকল্পিত অবকাশযাপনকেন্দ্র নির্মাণের জন্য এক হাজার বিঘা জমি সরকারের কাছে চেয়েছি আমরা। জমি সরকার দিতে পারলে আমরা সরকারের কাছ থেকে তা কিনে নিতে রাজি আছি। মিরপুর কালশী এলাকায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সঙ্গে একটি প্রকল্পের কথা চিন্তাভাবনা করা হচ্ছে।
প্রথম আলো: আবাসন খাতে বিশাল একটি শ্রমিক গোষ্ঠী কাজ করে। যাদের বেশির ভাগই অদক্ষ। এসব শ্রমিকের দক্ষতা বাড়ানোর কোনো পরিকল্পনা বা উদ্যোগ আপনাদের আছে কী?
লিয়াকত আলী ভূঁইয়া: আমাদের এ খাতে যেসব শ্রমিক কাজ করেন, তাঁদের অনেকে পরবর্তী সময়ে দেশের বাইরেও যান। কিন্তু তাঁদের কাজের প্রাতিষ্ঠানিক কোনো স্বীকৃতি থাকে না। তাই বিদেশে গিয়ে এসব শ্রমিক নিজেদের দক্ষতার কোনো প্রামাণিক দলিল দিতে পারেন না। এ কারণে রিহ্যাবের উদ্যোগে আমরা একটি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলার কাজে হাত নিয়েছি। এ জন্য এরই মধ্যে রাজধানীর উত্তরায় সরকারের কাছ থেকে ১৫ কাঠা জমিও বরাদ্দ পেয়েছি। সেই জমিতে গত অক্টোবরে নামফলকও স্থাপন করা হয়েছে। নিয়োগ করা হয়েছে একজন স্থপতি। যাঁকে আবাসিক সুবিধাসংবলিত একটি অত্যাধুনিক প্রশিক্ষণ ইনস্টিটিউটের নকশা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। ভবন নির্মাণ হয়ে গেলে এ খাতে দক্ষ শ্রমিক তৈরির কাজটি অনেক সহজ হয়ে যাবে। সে ক্ষেত্রে বিদেশেও আমাদের নির্মাণশ্রমিকদের কদর বাড়বে।
প্রথম আলো: দেশে-বিদেশে আপনারা বিভিন্ন সময় মেলার আয়োজন করেন। এ ধরনের আয়োজন ব্যবসা বাড়াতে কতটা সহায়ক ভূমিকা রাখে?
লিয়াকত আলী ভূঁইয়া: মেলায় তাৎক্ষণিকভাবে কিছু বিক্রি হয়। এ ছাড়া মেলার ফলে গ্রাহকেরা এক জায়গায় এসে বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্প সম্পর্কে জানতে পারেন, যা পরবর্তী সময়ে পছন্দ অনুযায়ী ফ্ল্যাট বা প্লট ক্রয়ে গ্রাহকদের সহায়ক হয়। বিদেশে যেসব মেলার আয়োজন করা হয়, তার ফলে আমাদের পাশাপাশি দেশেরও ভাবমূর্তি বাড়ে।

লিয়াকত আলী ভূঁইয়া, সহসভাপতি, রিহ্যাব