জমির উদ্দিনের পাঁচটি দুর্নীতি মামলা বাতিল প্রশ্নে বিভক্ত রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের বিরুদ্ধে দুর্নীতির পাঁচটি পৃথক মামলা বাতিল প্রশ্নে বিভক্ত রায় দিয়েছেন হাইকোর্ট।
এ বিষয়ে দেওয়া রুল শুনানি শেষে বিচারপতি মো. রেজাউল হক ও মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই বিভক্ত রায় দেন। জমির উদ্দিন সরকারের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুর রেজাক খান। দুদকের পক্ষে ছিলেন সরোয়ার আহমেদ।
পরে আইনজীবীরা সাংবাদিকদের বলেন, বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি রুল মঞ্জুর করে মামলাগুলো বাতিল করলেও অপর বিচারপতি রুল খারিজ করেছেন। এখন নিয়ম অনুসারে মামলাগুলো প্রধান বিচারপতির কাছে যাবে। তিনি এগুলো নিষ্পত্তির জন্য নতুন বেঞ্চ গঠন করে দেবেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৮ ডিসেম্বর শেরেবাংলা নগর থানায় দুদক এই মামলাগুলো করে। এসব মামলায় আসামি করা হয় জমির উদ্দিন সরকার, সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী, সাবেক চিফ হুইপ ও বিএনপির মহাসচিব প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেন এবং সংসদের সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আশরাফুল ইসলামকে। বিদেশে চিকিৎসার জন্য অবৈধ উপায়ে সরকারি অর্থ অনুমোদন ও তা নগদে তুলে আত্মসাৎ, সরকারি বাসভবনের আসবাব কেনা ও তা আত্মসাৎ, অতিরিক্ত অর্থ তোলা প্রভৃতি অভিযোগে ওই পাঁচটি মামলা করা হয়।