জমির উপরিভাগের মাটি পরিবহনে নদে বাঁধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের সদর উপজেলায় ঘাঘট নদের তীরের পাশের আবাদি জমির উপরিভাগ থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। আইন লঙ্ঘন করে স্থানীয় এক ব্যক্তি মাটি কেটে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ওই এলাকায় নদীভাঙন দেখা দেবে এবং আবাদি জমিতে ফসল উৎপাদন ব্যাহত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।শুধু তা-ই নয়, ওই মাটি ট্রাকে করে পরিবহনের জন্য ঘাঘট নদের শুকিয়ে যাওয়া একটি অংশে মাটি উত্তোলনকারী প্রায় ২০০ ফুট দীর্ঘ বাঁধ নির্মাণ করেছেন। গত অক্টোবর মাসে এটি নির্মাণ করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁধটি উত্তম ইউনিয়নের শেখপাড়া গ্রামে এবং দিনাজপুর-রংপুর মহাসড়ক থেকে প্রায় ৩০০ গজ দূরে। তিন মাস ধরে নদের শেখপাড়া এলাকার জমি থেকে মাটি কাটা হচ্ছে।ওই এলাকার কৃষক আলম মিয়া তাঁর ৫০ শতাংশ জমির উপরিভাগের মাটি দেড় লাখ টাকায় বিক্রি করেছেন। মাটি ও বালু ব্যবসায়ী নূরুল হক ওরফে সরু মিয়া ও মোখলেছার রহমান মাটি কিনেছেন। প্রতি ট্রাকে ১৬০-১৭০ ঘনফুট মাটি ধরে। এক ট্রাক মাটি এক হাজার ২০০ টাকায় বিক্রি হয়। এসব মাটি বাড়ি তৈরি, জমি ভরাটসহ নানা কাজে ব্যবহার করা হয়।জমির মালিকের সঙ্গে চুক্তি অনুযায়ী জমির উপরিভাগের পাঁচ ফুট মাটি কেটে নেওয়া হবে। এভাবে মাটি কাটায় চারপাশের জমি ধসে যাবে এবং নদীতীরের জমিতে ভাঙন দেখা দেবে বলে স্থানীয় কৃষকেরা জানিয়েছেন।২০১০ সালের বালুমহাল ইজারা প্রদান ও আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে প্রণীত আইনে উল্লেখ করা হয়েছে, সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারাজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকার এক কিলোমিটারের মধ্যে বালু ও মাটি উত্তোলন নিষিদ্ধ।১৬ ফেব্রুয়ারি সরেজমিন দেখা গেছে, ১০-১৫ জন শ্রমিক শেখপাড়া গ্রামের আলম মিয়ার জমি থেকে মাটি কাটছেন। এখান থেকে উত্তর দিক দিয়ে ট্রাক নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। দক্ষিণ দিকে নদ অতিক্রম করলে মাত্র ২০০ গজের মধ্যে মহাসড়ক। এ কারণে এখানে বাঁধ দেওয়া হয়েছে। বাঁধের মধ্যখানে পানিপ্রবাহের জন্য সামান্য ফুঁটো রাখা হয়েছে।স্থানীয় লোকজন অভিযোগ করেন, উপরিভাগের মাটি কেটে নিয়ে যাওয়ায় আলম মিয়ার ৫০ শতাংশ জমি খালের মতো হয়ে যাবে। বৃষ্টির পানি ধুয়েমুছে পড়বে এই খালে। তখন নতুন ওই খালের আশপাশের আবাদি জমিগুলো ভাঙতে শুরু করবে। এ কারণে ওই সব জমিতে ফসল উৎপাদন করা সম্ভব হবে না।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা রুহুল আমিন জানান, উপরিভাগের এক থেকে দুই ফুট পর্যন্ত মাটি কাটলে এক বছরে ফসল উৎপাদন হবে না। আরও বেশি গভীর করে কাটা হলে পাঁচ-সাত বছর পর্যন্ত ফসল হবে না। কারণ, এ অংশে মাটির গুরুত্বপূর্ণ জৈব ও অজৈব উপাদান থাকে। এদিকে মাটি কাটার ফলে ওই এলাকায় অনেকের আবাদি জমি ভাঙনের হুমকিতে রয়েছে। স্থানীয় কৃষক মহুবার রহমান বলেন, তাঁর এক একর আবাদি জমি আছে। পাশের জমি থেকে মাটি কাটায় তাঁর জমি নদে ধসে পড়বে।সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দিলরুবা আহমেদ বলেন, নদে বাঁধ দিয়ে মাটি ট্রাকে করে নিয়ে যাওয়ার খবর তিনি জানেন না। তবে দু-তিন দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। মাটি ও বালু ব্যবসায়ী নূরুল হক বলেন, ‘আমরা জমি ইজারা নিয়ে মাটি কাটছি। সেই মাটি বিক্রি করছি।’ নদের মধ্যে বাঁধ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, শীত মৌসুমে এই নদীত (নদ) তেমন কোনো পানি থাকে না। তাই বাঁধ দিয়েছি পরিবহনে সুবিধার জন্য। বর্ষা আসার আগেই তা অপসারণ করা হবে।’সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাইন বিল্লাহ বলেন, নদের মধ্যে বাঁধ দেওয়া আইনত দণ্ডনীয়। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।এই বাঁধ থেকে প্রায় এক কিলোমিটারের দূরে নদে আরেকটি বাঁধ দেওয়া হয়েছিল। এ বিষয়ে প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর তা অপসারণ করা হয়।