জমির জন্য জীবন হারাচ্ছে নিরীহরা
চুক্তির শর্ত অনুযায়ী ইক্ষু চাষের জন্য অধিগ্রহণ করা ১ হাজার ৮৪২ একর জমি আদিবাসীদের কাছে ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু সরকার ও চিনিকল কর্তৃপক্ষ সেই শর্ত ভঙ্গ করে প্রভাবশালী ব্যক্তিদের কাছে ইজারা দিয়েছে। দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় রংপুর বিভাগীয় আদিবাসী জনগোষ্ঠীর পক্ষে ওই অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রংপুর বিভাগীয় আদিবাসী জনগোষ্ঠীর মুখপাত্র মাইকেল বি মালো। লিখিত বক্তব্যে বলা হয়, তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নের রামপুর, সাপমারা, মাদারপুর, নারাংগাবাদ ও চকরাহিমপুর মৌজার ১৮৪২ দশমিক ৩০ একর ভূমি ‘রংপুর মহিমাগঞ্জ সুগার মিল’-এর জন্য অধিগ্রহণ করে। ওই সময় ভূমি অধিগ্রহণের ফলে ১৫টি ক্ষুদ্র জাতিসত্তার গ্রাম ও পাঁচটি বাঙালি গ্রাম উচ্ছেদ করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ভূমি অধিগ্রহণের শর্ত অনুযায়ী আখ চাষ বন্ধ করা হলে বা মিল কর্তৃপক্ষ ভূমির মালিকানা কখনো ছেড়ে দিতে বা ইজারা দিতে চাইলে অগ্রাধিকার ভিত্তিতে জমির প্রকৃত মালিকদের কাছে সেই জমি ফেরত বা ব্যবহারের জন্য ইজারা দিতে হবে। বর্তমানে ওই জমিতে মিল কর্তৃপক্ষ আখ চাষ করছে না। কিন্তু কারখানা কর্তৃপক্ষ ওই জমি অন্যায়ভাবে প্রভাবশালী ব্যক্তিদের কাছে ইজারা দিয়েছে। কারখানার স্টাফ ও ভাড়াটে সন্ত্রাসীরা একজোট হয়ে প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে গত রোববার তাঁদের ওপর হামলা চালায়। এ ঘটনায় ক্ষুদ্র জাতিসত্তার এক যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে মারা যান।
সংবাদ সম্মেলনে ওই জমির মালিকানা হস্তান্তরের চক্রান্ত ক্ষুদ্র জাতিসত্তার লোকজন মেনে নেবে না বলে সরকার ও কারখানা কর্তৃপক্ষের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। সংবাদ সম্মেলন শেষে দিনাজপুর প্রেসক্লাবের সামনে রাস্তায় সংগঠনটির পক্ষে মানববন্ধন করা হয়। বক্তব্য দেন রংপুর বিভাগীয় আদিবাসী জনগোষ্ঠীর আহ্বায়ক লরেন্স বেক, সদস্য মারিয়া হাঁসদা, যোগেন জুলিয়ান বেসরা প্রমুখ।