জমির দখল নিতে হামলা গুলিতে একজন নিহত
জমির দখল নিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার ফরিদপুর এলাকায় গতকাল সোমবার ভোরে সন্ত্রাসীদের নিয়ে বসতবাড়িতে হামলা চালানো হয়েছে। এ সময় গুলিতে এক যুবক নিহত হন। আরও ছয়জন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়।নিহত ব্যক্তি হলেন ময়মনসিংহের নাওভাঙ্গাচর এলাকার রেজামত আলীর ছেলে মো. আলাল উদ্দিন (৩০)। তিনি ফরিদপুর এলাকার রফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।রফিকুল ইসলাম বলেন, তাঁর প্রতিবেশী প্রয়াত আজিম উদ্দিনসহ কয়েকজন ৮৫ বছর ধরে চার একর ৯০ শতাংশ জমিতে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছেন। কিন্তু ঢাকার কায়সার তালুকদারসহ চারজন ওই জমি নিজেদের দাবি করে একাধিক বার দখলের চেষ্টা করেন। কায়সার নিজেকে গাজীপুর পুলিশ ট্রেনিং সেন্টারের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমানের আত্মীয় দাবি করেন।তবে মিজানুর রহমান দাবি করেন, ‘কায়সার তালুকদার নামের কোনো ব্যক্তির সঙ্গে আমার সম্পর্ক নেই। তাঁকে জমি দখলের ব্যাপারে কোনো ধরনের সহযোগিতা করার প্রশ্নই ওঠে না।’ঘটনার প্রত্যক্ষদর্শী ফরিদপুরের একাধিক বাসিন্দা জানান, ওই জমি দখলের জন্য শতাধিক সন্ত্রাসী গতকাল ভোর পৌনে পাঁচটার দিকে প্রয়াত আজিম উদ্দিনসহ পাশাপাশি কয়েকজনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা অস্ত্র দেখিয়ে ওমর আলী, জামান ও সিদ্দিকের বাড়িতে ঢুকে লুটপাট করে। ওই সময় লাঠিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়লে আলাল উদ্দিনের বুকের বাঁ পাশে লাগে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুলিবিদ্ধ হয় আরও ছয়জন। এ সংঘর্ষে উভয় পক্ষের আরও ১৪ জন আহত হয়। আহত ব্যক্তিদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।হামলার খবর পেয়ে গ্রামের অন্য বাসিন্দারা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। হামলার প্রতিবাদে উত্তেজিত গ্রামবাসী সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।সকাল ১০টার দিকে শ্রীপুরের নয়নপুর বাজারে ১০ তরুণকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে ধাওয়া করেন এলাকাবাসী। পরে তাঁদের আটক করে গণপিটুনি দেন এবং পুলিশে সোপর্দ করেন। এলাকাবাসী জানান, ওই ১০ জন ভোরে হামলার সঙ্গে জড়িত ছিলেন। হামলার ব্যাপারে বক্তব্য জানতে কায়সার তালুকদারের মুঠোফোনে কল দিলে সাংবাদিকের পরিচয় পেয়ে তিনি ফোন রেখে দেন। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, আলালের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হামলা ও নিহতের ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। আটক ১০ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।