জমির দখল নিয়ে গ্রামবাসীর ওপর সন্ত্রাসীদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জমি দখলে বাধা দেওয়ায় একটি পোশাক কারখানার পক্ষ নিয়ে সন্ত্রাসীরা গ্রামবাসীর ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার উপজেলার সাদীপুর ইউনিয়নের নানাখী গ্রামে এ ঘটনা ঘটে৷ এ ঘটনার পর এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামে অবস্থিত পোশাক কারখানা ‘এন্ডু গার্মেন্টসে’র পাশের একটি জমি না কিনেই ওই কারখানা কর্তৃপক্ষ গতকাল সেখানে সীমানাপ্রাচীর নির্মাণ করছিল৷ এ সময় জমির মালিক এরশাদ মিয়া তাতে বাধা দেন। খবর পেয়ে গ্রামবাসী ওই স্থানে এসে জড়ো হন। একপর্যায়ে কারখানা কর্তৃপক্ষের পক্ষ নিয়ে ২০-২৫ জনের একদল সন্ত্রাসী রাম দা, হকিস্টিক ও চাপাতি দিয়ে গ্রামবাসীর ওপর হামলা চালায়। এতে শফিকুল ইসলাম, মহসিন মিয়া, ফরহাদ হোসেন, আনোয়ার হোসেন, কামরুল ইসলাম, বাবুল মিয়া, আবুল কাসেম, আরজুদা বেগম, রাবেয়া আক্তারসহ কমপক্ষে ২০ জন আহত হন। তাঁদের সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে এ হামলার খবর ছড়িয়ে পড়লে কয়েক শ এলাকাবাসী নয়াপুর-পঞ্চমীঘাট সড়ক এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন৷ নানাখী গ্রামের বাসিন্দা এরশাদ মিয়া, আমিনুল হক, মহিউদ্দিন ও শুক্কুর আলী বলেন, তাঁদের জমি না কিনেই জোর করে দখল করে কারখানা কর্তৃপক্ষ সীমানাপ্রাচীর নির্মাণ করে ফেলেছে। এর প্রতিবাদ করায় তাঁদের ওপর সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ৷
এন্ডু গার্মেন্টসের চেয়ারম্যান শামীম মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন। জমি কিনেই তিনি সীমানাপ্রাচীর নির্মাণ করেছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, গ্রামবাসীর ওপর হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।