জমির দখল নিয়ে হামলা আহত ১৩, গ্রেপ্তার ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি দখলকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের গেঞ্জিডুবা গ্রামে গত শুক্রবার অস্ত্রধারীদের হামলায় ১৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ নয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গেছে, গেঞ্জিডুবা ও গোরস্থান ডাঙ্গীপাড়া গ্রামের ১৫-১৬ জন কৃষক শুক্রবার সকালে গেঞ্জিডুবায় তাঁদের নিজস্ব জমিতে কাজ করছিলেন। সকাল নয়টার দিকে কর্ণাই সরকারপাড়া, জাবরহাট খাড়িপাড়া ও আশপাশের গ্রামের ৪০-৪৫ জন তীর-ধনুক, লাঠিসোঁটা, বল্লম, চায়নিজ কুড়াল ও বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ঘিরে ফেলে এবং দূর থেকে তাঁদের দিকে তীর ছোড়ে। এ সময় চারজন তীরবিদ্ধ হন। পরে হামলাকারীরা কাছে এসে তাঁদের মারধর করে। এতে অন্তত ১৩ জন কৃষক আহত হন। পীরগঞ্জ থানার পুলিশ সকাল ১০টার দিকে ঘটনাস্থল গিয়ে কর্ণাই সরকারপাড়া গ্রামের লুকাস মার্ডিকে তীরসহ গ্রেপ্তার করে।আহত ব্যক্তিদের স্বজনেরা জানান, তীরবিদ্ধ মেহেদি হাসানকে রংপুর এবং মজিবুর রহমান, মাহবুবুর রহমান ও আবদুল খালেককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের মধ্যে পাঁচজনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।হাটপাড়া গ্রামের মো. নিয়াজউদ্দীন বাদী হয়ে ওই দিনই ৩০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ওই জমি থেকে উচ্ছেদ করার লক্ষ্যে বিবাদীরা তাঁদের ওপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।পীরগঞ্জ থানার এসআই আবু হাসান কবির বলেন, নয়জন আসামিকে গত শনিবার ও রোববার ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।