জমির দলিল সম্পাদনের পর দাগ নম্বর পরিবর্তন!
জয়পুরহাটের কালাই সাব-রেজিস্ট্রি অফিসে দলিল সম্পাদনের পর দাগ নম্বর জালিয়াতির মাধ্যমে অন্য জমি লিখে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। একটি চক্রের সহযোগিতায় দলিল সম্পাদনের পর বিক্রেতার একটি জমির দাগ নম্বর পরিবর্তন করে অন্য দাগে বেশি মূল্যবান জমি লিখে নেওয়ার বিষয়টি সম্প্রতি ফাঁস হয়। এ ঘটনায় জমি বিক্রেতাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া সহজে কেউ জমি বিক্রি করতে সাব-রেজিস্ট্রি কার্যালয়ে আসছেন না।খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের দোগাছিয়া গ্রামের গোলাম রহমান সম্প্রতি তাঁর ভোগদখলীয় মান্দাই মৌজার ২০ শতাংশ আবাদি জমি বিক্রি করেন কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের নিমেরপাড়া গ্রামের শফিকুল ইসলামের কাছে। গত বছরের ৩০ ডিসেম্বর কালাই উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে গোলাম রহমান ওই জমির চৌহদ্দি উল্লেখ করে কবলা দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করে দেন। সম্প্রতি স্থানীয় মোসলেমগঞ্জ বাজার এলাকায় মান্দাই মৌজায় গোলাম রহমানের ভোগদখলীয় অন্য একটি মূল্যবান জমি দখল নিতে যান নিমেরপাড়া গ্রামের সলেমান আলী ও ভুট্টো মিয়া। তাঁরা গোলাম রহমানকে জানান, তাঁরা এ দাগের ২০ শতাংশ জমি প্রতিবেশী শফিকুল ইসলামের কাছ থেকে কিনেছেন। বিস্মিত গোলাম রহমান উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, কিছুদিন আগে শফিকুল ইসলামের কাছে তিনি মান্দাই মৌজার ০৩ দাগে ২০ শতাংশ জমি বিক্রির দলিল করে নিশ্চিন্তে বাড়ি চলে গেলেও ওই দাগ নম্বর পরিবর্তন করে পরে তা ৩১৭ নম্বর দাগ বসানো হয়েছে। শুধু দাগ নম্বর পরিবর্তন করে অন্য দাগে জমি লিখে নিয়েই বসে থাকেনি জালিয়াত চক্র, ওই জমির ক্রেতা শফিকুল ইসলাম তড়িঘড়ি করে তা অন্য দুই প্রতিবেশী সলেমান ও ভুট্টোর কাছে বিক্রিও করে দেন। গোলাম রহমান অভিযোগ করেন, ০৩ দাগের জমির চেয়ে ৩১৭ দাগের জমির বাজারমূল্যের ব্যবধান কমপক্ষে ২০ লাখ টাকা। দলিল সম্পাদন করার পর দলিলের সংগৃহীত ফটোকপিতেও ০৩ দাগই উল্লেখ আছে। সেখানে উপজেলা সাব-রেজিস্ট্রারের স্বাক্ষর রয়েছে। তবে ক্রেতা শফিকুল ইসলাম দাবি করেন, গোলাম রহমানের কাছ থেকে তিনি ৩১৭ দাগের জমিটি কিনেছেন। জালিয়াতির কোনো ঘটনা ঘটেনি। ভুট্টো মিয়া ও সলেমান আলী বলেন, ‘শফিকুলের কাছে যে দলিল রয়েছে তা দেখেই আমরা জমিটি কিনেছি; ওই দলিলে ৩১৭ দাগ উল্লেখ ছিল। দাগ নম্বর জালিয়াতি হয়ে থাকলে শফিকুল করেছেন, এ সঙ্গে আমরা জড়িত নই।’গোলাম রহমান বিষয়টি লিখিতভাবে জানানোর পর ২৩ মার্চ তদন্তে আসেন জেলা রেজিস্ট্রার। সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে, জেলা রেজিস্ট্রার তদন্তে জালিয়াতির বিষয়টি নিশ্চিত হয়েছেন। তবে উপজেলা দলিল লেখক সমিতির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, জালিয়াতির প্রমাণ মিললেও বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। কয়েকজন দলিল লেখক অভিযোগ করেন, দাগ নম্বর জালিয়াতির এ ঘটনা নতুন নয়, একটি চক্রের সহযোগিতায় অহরহ এ ধরনের ঘটনা ঘটছে। এ রকমই এক ভুক্তভোগী কৃষক ইমামপুর গ্রামের দবির উদ্দীন অভিযোগ করেন, এই সাব-রেজিস্ট্রি অফিসে টাকা হলে সবই হয়। তিনি কোনো দিন এখানে পা না মাড়ালেও তাঁর ছেলের নামে সাড়ে ছয় বিঘা জমির কবলা দলিল সম্পাদন দেখানো হয়েছে। ছেলের বিরুদ্ধে মামলা-মোকদ্দমা হলে লোকে খারাপ বলবে ভেবে পরে চার বিঘা জমি ছেড়ে দিয়ে তিনি আপস-মীমাংসা করতে বাধ্য হন।উপজেলা সাব-রেজিস্ট্রার শাহ আলম এ বিষয়ে বলেন, ‘দলিল রেজিস্ট্রির পর অফিসের লোক ছাড়া দাগ পরিবর্তন কেন, দলিলের হদিস পাওয়াই সম্ভব নয়। যদি দাগ নম্বর জালিয়াতির মতো কোনো ঘটনা ঘটে থাকে, তবে সেটা অফিসেই ঘটেছে। যেহেতু বিষয়টির তদন্ত চলছে, তাই এর চেয়ে বেশি কিছু মন্তব্য করা সম্ভব নয়।’তদন্তের বিষয়ে জেলা রেজিস্ট্রার ঈসাহাক হক বলেন, ‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা সম্ভব নয়।’ বিষয়টি ধামাচাপা দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি জবাব না দিয়ে বলেন, ‘এক দলিলের দুই কপি থাকার কথা নয়, তদন্তে যেহেতু এ রকম কিছু পাওয়া গেছে, তাই একটি কিছু যে ঘটেছে, এটা আন্দাজ করা যাচ্ছে। তবে যা কিছুই ঘটে থাকুক, সঠিক তদন্ত করা হবে ও অভিযোগকারী ন্যায়বিচার পাবেন।’