জমির ন্যায্যমূল্য না পেলে আন্দোলনে যাওয়ার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য অধিগ্রহণকৃত ভূমির মূল্য নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অর্থনৈতিক অঞ্চলের ব্রাহ্মণগ্রাম ও শেরপুর মৌজা পাশাপাশি হলেও শেরপুর মৌজায় বর্তমান বাজারদরের সঙ্গে সংগতিপূর্ণ মূল্য নির্ধারণ করা হয়নি বলে ভূমির মালিকেরা অভিযোগ করেছেন।
ভূমির মালিকেরা জানিয়েছেন, শেরপুর মৌজায় বর্তমান রেকর্ড অনুযায়ী ভূমির প্রকৃত মূল্য না দেওয়া হলে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। কেউ টাকা তুলবেন না। ১২ ডিসেম্বর মৌলভীবাজার প্রেসক্লাবে শেরপুর মৌজার অধিগ্রহণকৃত ভূমির মালিকদের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করে ক্ষোভের কথা জানানো হয়। সম্মেলনে ভূমির মালিকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ আবদুর রউফ।
ভূমির মালিকেরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে শেরপুর এলাকার গুরুত্বপূর্ণ এ স্থানের ভূমির বর্তমান বাজারমূল্য অধিগ্রহণ মূল্য থেকে কয়েক গুণ বেশি। শেরপুর মৌজায় ন্যূনতম চার থেকে পাঁচ লাখ টাকা শতক বিক্রি হচ্ছে। তা ছাড়া অধিগ্রহণ কর্তৃপক্ষ বর্তমান রেকর্ড ও অবস্থান অনুযায়ী ভূমির শ্রেণি নির্ধারণ করেনি। ১৯৫৬ সালের রেকর্ড অনুসরণ করা হয়েছে। এরই মধ্যে অনেক ভূমির শ্রেণিগত পরিবর্তন হলেও আগের শ্রেণি অনুযায়ী মূল্য নির্ধারণ করা হয়েছে। এতে কৃষিজীবীসহ ক্ষতিগ্রস্ত ভূমির মালিকেরা প্রকৃত মূল্যপ্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন।