জমির বিরোধকে কেন্দ্র করে অপহরণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ায় জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে অপহরণের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত সাড়ে নয়টায় এ ঘটনা ঘটে লোহাগাড়া উপজেলার পুটিবিলা নয়াবাজার এলাকায় ।
জানা যায়, লামা উপজেলার কেঁয়াজুপাড়ায় ফলদ ও বনজ গাছের বাগানের জায়গা নিয়ে স্থানীয় মো. ফেরদৌস ও মো. আলমগীরের সঙ্গে বিরোধ চলছিল। গত মঙ্গলবার বাগানের কাজ শেষে মো. ফেরদৌস ও তাঁর দুই প্রতিবেশী মো. মফিজ ও মো. সেলিম নিজ বািড়তে আসার সময় একটি মাইক্রোবাসে এসে অতর্কিত ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা তাঁদের কাছে থাকা টাকাপয়সা ও মোবাইল ছিনিয়ে নেয়। দুর্বৃত্তরা যাওয়ার সময় মো. মফিজকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে গাড়ি আটক করে ভাঙচুর চালায়।
খবর পেয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান ঘটনাস্থল থেকে তিন অপহরণকারী যথাক্রমে মো. পারভেজ, মো. কামাল ও ফজলুল হককে আটক করে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে মো. ফেরদৌস বাদী হয়ে ১১ জনকে আসামি করে লোহাগাড়া থানায় অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, ‘আমার প্রতিপক্ষ মো. আলমগীরের লোকজন এ ঘটনা ঘটিয়েছে।’
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান জানান, ঘটনার সূত্রপাত লামা উপজেলায় হওয়ায় মামলাটি সে থানায় হবে। তবে আটককৃত তিনজনকে ইতিমধ্যে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসটি থানায় আটক রয়েছে।