জমির বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের জালুয়াভিটি গ্রামে জমি নিয়ে বিরোধে গত বৃহস্পতিবার রাতে দুই পক্ষের হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার জালুয়াভিটি এলাকার তমিজ উদ্দিন, সাহাজ উদ্দিন ও নিজাম উদ্দিনদের সঙ্গে একই এলাকার নুর হোসেনের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় তমিজ উদ্দিন নুর হোসেনের মেয়ে নাসরিনকে পিটিয়ে জখম করেন। নাসরিনের চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে রাজ্জাক, রেজাউলসহ ১০-১২ জন মিলে নুর হোসেনের বাড়ির লোকজনের ওপর হামলা চালান। হামলায় শেফালী, সালমা, শেখ সাদি, নুর সাদিক ও টুটুল আহত হন।
এ খবর পেয়ে নুর হোসেনের লোকজন এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে নুরুল আমীন, আফজাল ও তমিজউদ্দিন পক্ষের রেজাউল রাজ্জাকসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন।