জমির বিরোধ নিয়ে সংঘর্ষে সরাইলে ৩০ জন আহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবারের এই সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে সাতজনকে সদর হাসপাতালে ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।গ্রামবাসী ও পুলিশ জানায়, উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূঁইশর গ্রামের বাসিন্দা জাকারিয়া হোসেন ও আকতার হোসেনের মধ্যে ৩৩ শতাংশ খাসজমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আকতার হোসেন বলেন, তাঁর দখলে থাকা মাত্র পাঁচ শতাংশ জমি গতকাল সকালে জাকারিয়ার লোকজন দখলের চেষ্টা চালায়। এ সময় জাকারিয়ার বড় ভাই মো. বাচ্চু মিয়ার সঙ্গে আকতারের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতি পর্যন্ত গড়ায়। কিছুক্ষণ পর উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। দেড় ঘণ্টার সংঘর্ষে আকতারের দুটি ঘর ভাঙচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) সমীর চন্দ্র সরকার প্রথম আলোকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।