জমির বিরোধে আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গতকাল শুক্রবার দুপুরে সদর ইউনিয়নের মাঠপাড়া এলাকায় জমি বিরোধের জের ধরে বসতবাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর চালিয়েছে একদল দূর্বৃত্ত। এতে বর্ডার গার্ড পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রিফাত আফরিন (১০) ও তার মা নূর বেগম (৩৭) আহত হয়েছেন। আহতদের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাঠপাড়ার বাসিন্দা নুরুল হকের সঙ্গে একই এলাকার আবদুর রবের জমি নিয়ে র্দীঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল বেলা দেড়টার দিকে নুরুল হক বাড়িতে না থাকায় আবদুর রবের নেতৃত্বে একদল দুুর্বৃত্ত বাড়িতে হামলা চালায়। এ সময় নুরুল হকের স্ত্রী নূর বেগম ও তাঁর কন্যা রিফাত আফরিনকে মারধর করে আহত করা হয়। দুর্বৃত্তরা টাকাপয়সা, লক্ষাধিক টাকার মালামাল লুট এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে।
পরে খবর পেয়ে নুরুল হক ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় আহত নূর বেগমের বাবা আবুল কাসেম বাদী হয়ে আবদুর রবকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে থানায় এজাহার দিয়েছেন। এদিকে, গতকাল বিকেল পাঁচটার দিকে এ খবর পেয়ে আহত শিশুশিক্ষার্থী ও তার মাকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে যান সদর ইউনিয়নের চেয়ারম্যান এবং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তার হোসেন বলেন, এজাহার হাতে পেয়েছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।