জমির বিরোধে খুন হন পটিয়ার নুরুল ইসলাম
জমির বিরোধে খুন হন চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকার সুলতান আহমদের ছেলে নুরুল ইসলাম। তাঁর আপন বড় ভাই মো. জাকারিয়া ভাড়াটে খুনি দিয়ে হত্যা করান নুরুল ইসলামকে। এ হত্যাকাণ্ডে জড়িত একজন গ্রেপ্তার হওয়ার পর এ হত্যার মূল রহস্য বেরিয়ে এসেছে।
গত ২৬ মার্চ নোয়াখালী জেলার সুধারাম থানার কাজীরটেক এলাকা থেকে কক্সবাজারের চকরিয়া থানা-পুলিশের একটি দল ইমাম হোসেন নামের ওই ভাড়াটে খুনিকে গ্রেপ্তার করে। গত ৮ মার্চ রাত ১২টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ছগিরশাহ কাটা এলাকা থেকে নুরুল ইসলামের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহামঞ্চদ ফরহাদ বলেন, ৮ মার্চ রাতে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তাঁর পিঠে ও পেটে প্রায় ২১টি ছুরিকাঘাতের চিহ্ন ছিল। পরে পত্রিকায় ছবি দেখে ওই লাশটি মো. নুরুল ইসলামের বলে শনাক্ত করে তার পরিবার। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ও বিভিন্ন মাধ্যমে পুলিশ নিশ্চিত হয় ইমাম হোসেন নামের এক ভাড়াটে খুনি এ হত্যাকাণ্ডে জড়িত। এরপরই পুলিশ খুঁজে বেড়াচ্ছিল তাঁকে। অবশেষে গত ২৬ মার্চ রাতে নোয়াখালী থেকে ইমাম হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ইমাম হোসেনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহামঞ্চদ ফরহাদ বলেন, ব্যবসায়িক টাকার লেনদেন ও জমির বিরোধের জের ধরে মো. জাকারিয়া ভাড়াটে খুনি ব্যবহার করে চট্টগ্রামের পটিয়ার নিজ বাড়ি থেকে অপহরণের পর চকরিয়ার পাহাড়ি এলাকায় এনে নৃসংশভাবে খুন করান ছোট ভাই নুরুল ইসলামকে।
চকরিয়া থানার ওসি বলেন, খুনি ইমাম হোসেন জাকারিয়ার ভাড়াটে হিসেবে কাজ করেছেন। জাকারিয়া তাঁর বাড়ির দারোয়ান জাকির হোসেনের মাধ্যমেই খুনি হিসেবে ইমাম হোসেনকে ভাড়া করেন। হত্যাকাণ্ডে ইমাম হোসেন, জাকারিয়া, বাড়ির দারোয়ান জাকির হোসেন ও জাকারিয়ার গাড়িচালক মো. ইয়াছিন অংশ নেন বলে আদালতকে ইমাম হোসেন জানিয়েছেন।