জমির মাটি কেটে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরবর্তী ফসলি জমির মাটি কেটে নেওয়ার প্রতিবাদে গতকাল সোমবার তিন গ্রামের কৃষকেরা মানববন্ধন করেছেন। স্মারকলিপি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবরে । ভুক্তভোগী কৃষকেরা জানিয়েছেন, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের উলকান্দি, ডিক্রির চর ও বিরাহেমেরকান্দি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের তীরের ইরি-বোরোর ফসলি জমি থেকে সন্ত্রাসীরা মাটি কেটে নিয়ে বিক্রি করছে। ইউএনওকে দেওয়া স্মারকলিপিতে উলুকান্দি গ্রামের কৃষক আরমান হোসেন, আবদুস সাত্তার ও হারুন মিয়া অভিযোগ করেন, নোয়াগাঁও গ্রামের রিপন ও ফারুকের নেতৃত্বে একদল যুবক তাঁদের ফসলি জমির মাটি ড্রেজারের সাহায্যে কেটে নিয়ে অন্যত্র বিক্রি করে দিচ্ছে। এলাকাবাসী বাধা দিলেও কোনো কাজ হচ্ছে না। গতকাল মানববন্ধনের আগে গ্রামবাসী অভিযুক্ত দুই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেও কোনো ফল পাননি বলে তাঁরা জানান। এ ব্যাপারে অভিযুক্ত রিপন ও ফারুক বলেন, ‘আমরা কৃষকদের জমির মাটি কেটে বিক্রি করিনি। নদের মাটি কেটেছি।’ইউএনও নূর্সিয়া কমল জানান, কৃষকদের মাটি যারা কেটে নিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।