জমির মালিক নন, তবুও প্রভাবশালীর রোষানলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক একর জমির দখল নিয়ে পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া গ্রামের জয়দেব পাল স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তির রোষানলে পড়ে এখন প্রাণনাশের আশঙ্কায় পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।গতকাল মঙ্গলবার দুপুরে বাউফল প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে জমির মালিক কাছিপাড়া গ্রামের কমল পাল জানান, এলাকার বাজারসংলগ্ন দেওপাশা মৌজায় তাঁর এক একর ফসলি জমি আছে। ওই জমি দেখভাল করেন তাঁর ভগ্নিপতি একই এলাকার জয়দেব পাল। স্থানীয় প্রভাবশালী মো. নাসিম আহমেদ ওই জমি দখল করতে নানাভাবে হয়রানি করে আসছেন। সম্প্রতি জয়দেব পালকে র‌্যাবের সদস্য পরিচয়ে ধরে নিয়ে ওই জমি নাসিমকে রেজিস্ট্রি করে দেওয়ার জন্য চাপ দিয়ে সাদা কাগজে স্বাক্ষর রাখা হয়। কিছুদিন আগে নাসিমের লোকজন ওই জমির ধান লুট করে এবং তাঁদের মারধর করে এলাকাছাড়া করার হুমকিও দিয়েছে। এ ব্যাপারে বাউফল থানায় মামলা করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি; বরং মামলা তুলে নেওয়ার জন্য নাসিমের ভাই কাইয়ুম ও তাঁর দলবল প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছেন।প্রেসক্লাবে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধীর রঞ্জন দাস এ সময় উপস্থিত ছিলেন।নাসিম আহম্মেদ বলেন, ‘আমরা একটি ক্লিনিক-কাম দাতব্য চিকিৎসালয় করার সিদ্ধান্ত নিয়েছি। এ জন্য ওই জমি ক্রয় করার বিষয়ে জয়দেব পালের সঙ্গে কথাবার্তা হয়। জয়দেব ওই জমি রেজিস্ট্রি করিয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন সময় আমার কাছ থেকে কমপক্ষে ১৮ লাখ টাকা নেন। এখন ওই জমি না দেওয়ার কৌশল হিসেবে তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে হয়রানি করা হচ্ছে।’ একই ধরনের কথা বলেন তাঁর ভাই কাইয়ুম আহমেদ।জয়দেব পাল বলেন, ‘জমির মালিক কমল পাল। আমি তাঁদের কাছ থেকে কেন টাকা নেব এবং কেনই বা তাঁরা আমাকে অন্যের জমির জন্য টাকা দেবেন? গত ৩ ডিসেম্বর পটুয়াখালী ক্যাম্পের র‌্যাব সদস্য পরিচয়ে আমাকে ক্যাম্পে ধরে নিয়ে ওই জমি নাসিমকে সাত দিনের মধ্যে রেজিস্ট্রি করে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে এবং সাদা কাগজে স্বাক্ষর রাখে। বর্তমান পরিস্থিতিতে যেকোনো সময় আমাকে মেরে ফেলা হতে পারে—এমন আশঙ্কায় পালিয়ে বেড়াচ্ছি।’বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার বলেন, ধান লুটের ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার নুর-উজ্জামান বলেন, র‌্যাব এজাতীয় ঘটনার সঙ্গে জড়িত নয়।