চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) আবাসন প্রকল্প ‘অনন্যা’য় রাস্তা কেটে প্লট করার প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সমাবেশ করেছে ধানিজমি রক্ষা কমিটি। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা স্বল্প সময়ের জন্য অনশন করেন। পরে স্থানীয় সাংসদের অনুরোধে তাঁরা অনশন ভঙ্গ করেন।স্থানীয় সাংসদ মঈনউদ্দিন খান বাদল আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, ‘এলাকাবাসীর প্রতিনিধি হিসেবে আমি আপনাদের দাবি বাস্তবায়নের চেষ্টা করব। নইলে আপনাদের সঙ্গে নিয়ে দাবি আদায়ে পথে নামব।’সাংসদ আরও বলেন, ‘বর্তমান সরকার পরিষ্কার ঘোষণা করেছে, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এমন কোনো কর্মসূচি তারা হাতে নেবে না।’ তিনি আরও বলেন, চট্টগ্রামে ধানিজমির পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে গেছে। এ অবস্থায় নতুন কোনো ধানিজমি অধিগ্রহণ করা যাবে না। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বলেন, সিডিএ অন্যায়ভাবে জমি অধিগ্রহণ করে নিজেদের মধ্যে প্লট ভাগবাটোয়ারা করে নিচ্ছে। দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।সমাবেশে আরও বক্তব্য দেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবু তাহের, ধানিজমি রক্ষা কমিটির সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক নুর হোসেন প্রমুখ।