জমির মালিকানা দাবি করে জেলা পরিষদের প্রশাসকের সাইনবোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার কুটুরিয়া গ্রামে মোহাম্মদ আলী নামের অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যের দখলে থাকা বাড়ির জমির মালিকানা দাবি করে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক হাসিনা দৌলার নামে ওই সাইনবোর্ড ঝোলানো হয়েছে। সাবেক ওই সেনা কর্মকর্তাকে বাড়ি ছাড়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মোহাম্মদ আলী জানান, সাভার সেনানিবাসে কর্মরত থাকা অবস্থায় ১৯৯৮ সালে তিনি আশুলিয়ার কুটুরিয়া গ্রামের আকরাম আলীর মেয়ে জমিলা বেগমের কাছ থেকে ধলপুর মৌজায় ১৬ শতাংশ জমি কেনেন। জমিলা পৈতৃক সূত্রে ওই জমির মালিক। জমি কেনার পর তিনি সেখানে তিনটি আধাপাকা ঘর নির্মাণ করেন। দুটি ঘর ভাড়া দিয়ে অপরটিতে নিজেরাই বসবাস করছেন। বাসার সামনে ওই জমির ওপর তাঁর একটি ওষুধের দোকানও রয়েছে। সর্বশেষ ভূমি জরিপেও (বিএস রেকর্ড) তাঁকে জমির মালিক হিসেবে দেখানো হয়েছে। কিন্তু মাস খানেক আগে বাড়িটির মূল ফটকের ওপর হাসিনা দৌলার নামে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। ওই সাইনবোর্ডে তিনি (হাসিনা দৌলা) নিজেকে বাড়ির মালিক হিসেবে উল্লেখ করেন। এর আগে তাঁকে (মোহাম্মদ আলী) স্থানীয় আশুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হেলাল উদ্দিন নোটিশ দিয়ে জমির কাগজপত্রসহ হাসিনা দৌলার বাসায় তলব করেন। সেখানে উপস্থিত হয়ে জমির মালিকানার প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করার পরও তাঁকে বাড়ির দখল ছাড়তে বলা হয়। হাসিনা দৌলা বলেন, আবদুল মান্নান নামের এক ব্যক্তি ও তাঁর স্ত্রী ফরিদা ইয়াসমিন এবং জোবেদা খানম নামের এক নারীর কাছ থেকে ২০০২ সালে তিনি ওই জমিসহ মোট ২০ শতাংশ জমি কেনেন। ওই তিনজন ক্রয়সূত্রে ওই জমির মালিক। তাঁরা জমিটি কিনেছিলেন কুটুরিয়ার আবদুল আজিজ ও মজিবর দেওয়ানের কাছ থেকে। মজিবর ও আজিজ তা কিনেছিলেন জমিলা বেগমের ভাই বাহার আলীর কাছ থেকে। জমি কেনার পর তিনি ওই জমির দখল বুঝে না নিয়ে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখেন। আর এই সুযোগে গত ‘ক্লিন হার্ট অপারেশনের’ সময় মোহাম্মদ আলী তা দখল করে বাড়ি নির্মাণ করেন। স্থানীয় সূত্র জানায়, হাসিনা দৌলার পক্ষ থেকে মোহাম্মদ আলীর বিরুদ্ধে জোর করে জমি দখলের কথা বলা হলেও তিনি (হাসিনা দৌলা) এ ব্যাপারে আদালতে কোনো মামলা করেননি। জেলা পরিষদের প্রশাসক হওয়ার পর তিনি পুলিশ ও ইউনিয়ন পরিষদে অভিযোগ দিয়ে ওই বাড়িতে সাইনবোর্ড ঝুলিয়ে দেন।মানিকগঞ্জ জজ আদালতের আইনজীবী দীপক ঘোষ বলেন, নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি অবৈধভাবে কারও জমিতে অবস্থান করলে তাঁকে উচ্ছেদ করার জন্য আদালতের নির্দেশ প্রয়োজন।হাসিনা দৌলা প্রথম আলোকে বলেন, ‘আমি যাঁদের কাছ থেকে জমি কিনেছি তাঁরা ওই জমি কিনেছিলেন বাহার আলীর কাছ থেকে। আর মোহাম্মদ আলী কিনেছেন বাহারের বোনের কাছ থেকে। মোহাম্মদ আলী এক যুগ আগে আমার কেনা জমিতে জোর করে বাড়ি নির্মাণ করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তাঁর দখলে থাকা জমিতে আমার মালিকানা নিশ্চিত হওয়ার পর সিদ্ধান্ত অনুযায়ী ওই বাড়িতে সাইনবোর্ড ঝোলানো হয়েছে।’ অবৈধভাবে জমি দখল করার পরেও মোহাম্মদ আলীকে উচ্ছেদের জন্য আদালতে মামলা না করা প্রসঙ্গে হাসিনা দৌলা বলেন, ‘ইউনিয়ন পরিষদই হচ্ছে সর্বোচ্চ আদালত। তাই আদালতে যাওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।’ বাড়ির দখল ছেড়ে দেওয়ার জন্য মোহাম্মদ আলীকে হুমকি দেওয়া হচ্ছে বলে যে অভিযোগ উঠেছে, তা তিনি অস্বীকার করেন।জোর করে জমি দখলের অভিযোগ অস্বীকার করে মোহাম্মদ আলী বলেন, ‘আমি ক্রয়সূত্রে ওই জমির বৈধ মালিক এবং মালিক হয়েই দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছি। এখন হাসিনা দৌলা তাঁর ক্ষমতা ব্যবহার করে আমাকে সেখান থেকে জোর করে উচ্ছেদের চেষ্টা করছেন।’ তাঁর অভিযোগ, ‘সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়ার পর হাসিনা দৌলার লোকজন আমাকেসহ ভাড়াটেদের চলে যাওয়ার জন্য ভয় দেখাচ্ছেন।’