জমির মালিকানা নিয়ে তর্কাতর্কি আ.লীগ নেতার গুলি
জমির মালিকানা নিয়ে তর্কাতর্কির সময় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গুলি ছোড়া হয়েছে। গতকাল রোববার উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের পূর্ব নাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে অবস্থিত নিউটেক্স গ্রুপের চেয়ারম্যান ও মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য সারফুল ইসলামের বাবা নুরুল ইসলাম পাশের মঈননগর মৌজায় ১১১ শতাংশ জমি কেনেন। এর মধ্যে ৩২ শতাংশ জমি গোড়াই নাজিরপাড়া গ্রামের মীর টিপু ও খামারপাড়া গ্রামের পারভেজ হোসাইন নিজেদের কেনা দাবি করে সেখানে সাইনবোর্ড টাঙিয়ে দেন। খবর পেয়ে গতকাল রোববার সকালে সারফুল ঘটনাস্থলে যান। এ সময় সাইনবোর্ড কেন দেওয়া হয়েছে—তিনি জানতে চাইলে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে সারফুল পিস্তল উঁচিয়ে দুটি গুলি ছোড়েন। এ বিষয়ে সারফুল ইসলাম বলেন, ‘কিছু লোক আমার বাবার কেনা জমি দখলের চেষ্টা চালাচ্ছিল। এতে বাধা দেওয়ায় তারা আমাকে আক্রমণ করতে আসে। এ সময় আত্মরক্ষার্থে আমি ব্যক্তিগত (লাইসেন্স করা) পিস্তল থেকে দুটি ফাঁকা গুলি ছুড়ি।’ মির্জাপুরের দেওহাটা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।