জমির মালিকানা নিয়ে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিটমহল বিলুপ্ত হয়ে বাংলাদেশের অংশ হয়েছে, নিশ্চিত হয়েছে সাবেক ছিটবাসীদের নাগরিকত্ব। অবরুদ্ধ জীবনের অবসান ঘটার এই আনন্দের মধ্যেও লালমনিরহাটের পাটগ্রামের বিলুপ্ত ছিটমহলগুলোর বাসিন্দাদের মনে বড় শঙ্কা, ভোগদখলে থাকা জমির মালিকানা থাকবে তো। কারণ, গত ৬৮ বছরে সেখানে যেসব জমি কেনাবেচা হয়েছে, সেগুলোর কোনো দলিল নেই। বিলুপ্ত অন্যান্য ছিটমহলেও একই অবস্থা।
বিলুপ্ত ছিটমহলগুলোর বাসিন্দারা বলছেন, এটাই এখন তাঁদের বড় সমস্যা, দুশ্চিন্তা। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না নেওয়া হলে দ্বন্দ্ব-সংঘর্ষের আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে এর আভাসও মিলেছে।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্র বলছে, ইতিমধ্যে জমির মালিকানার সমস্যার সমাধান চেয়ে অনেক আবেদন জমা পড়েছে। জমি নিয়ে কিছু স্থানে বিরোধেরও খবর পাওয়া গেছে।
এই উপজেলার অধীন বিলুপ্ত ৫৫টি ছিটমহলের মধ্যে অন্তত ১৯টিতে জনবসতি নেই। এখানে জমির পরিমাণ ১২৪ একর। বাঁশকাটা এলাকাতেই জনশূন্য ছিটমহল ১১টি। জনবসতিহীন ছিটমহলগুলোর জমির বেশির ভাগই ভোগদখলে রেখেছেন বাংলাদেশি নাগরিকেরা। এসব জমির মালিকানা নিয়েও জটিলতা তৈরি হয়েছে। এ ছাড়া ওয়ারিশেরা ভাগ দিচ্ছেন না—এমন অভিযোগও জমা পড়েছে ইউএনওর কার্যালয়ে।
এলাকাবাসী বলেন, ১৮ নম্বর খাসবাস দারিকামারী ছিটমহলের প্রায় ১১০ বিঘা জমির পুরোটারই মালিক ছিলেন ভারত থেকে বিনিময়ের মাধ্যমে আসা সফর আলী ও তাঁর দুই ভাই। শুরুতে সেখানে বাসিন্দা হিসেবে শুধু ওই পরিবারই ছিল। বিভিন্ন সময় সফর আলী ও তাঁর পরিবারের সদস্যরা ছিটমহলের বাইরে বাংলাদেশি নাগরিকের কাছে জমি বিক্রি করেন। সফর আলী ও তাঁর ভাইয়েরা অনেক আগেই মারা গেছেন। এখন ওই পরিবারের বর্তমান প্রজন্মের সঙ্গে জমির মালিকানা নিয়ে বিরোধ তৈরি হয়েছে ক্রেতাদের। কারণ, বিক্রি হলেও কোনো জমিরই দলিল হয়নি। বেশির ভাগই মুখে মুখে কিংবা সাদা কাগজের ওপর লিখে বেচাকেনা হয়েছে।
১৮ নম্বর ছিটমহলের জমির ক্রেতাদের অধিকাংশই দিনমজুর। অনেকে পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায় নদীভাঙনের শিকার হয়ে এখানে জমি কিনে ১৫ থেকে ৩০ বছর আগে বসতি গড়েন। সর্বশেষ জনগণনায় তাঁরা ছিটমহলের বাসিন্দা হিসেবে নাম তালিকাভুক্ত করেন। তাঁদের জমির মালিকানা নিয়েও জটিলতা তৈরি হয়েছে। গত বুধবার সফর আলীর ছেলে আলিয়ারের সঙ্গে একটি জমির ক্রেতা রফিকুল ইসলামের ঝগড়াও বাধে।
রফিকুলের অভিযোগ, তাঁর কেনা জমি থেকে বাঁশ কাটতে গেলে আলিয়ার বাধা দেন, তাঁকে মারধর করেন। তিনি বলেন, প্রায় ৩০ বছর আগে ৩৩ শতাংশ জমি তিনি ৩ হাজার ৮০০ টাকায় সফর আলীর কাছ থেকে কিনেছিলেন। তবে দলিল হয়নি।
বিলুপ্ত ২০ নম্বর লতামারী ছিটমহলের বাসিন্দা ও সাবেক স্কুলশিক্ষক নুরুল আমিন বলেন, দুই দিন আগে হোক, পরে হোক, ছিটমহলের বাসিন্দারা নাগরিক সুবিধা পাবেন। সবখানেই জমি নিয়ে বিরোধ আছে। এ বিষয়টি সবচেয়ে গুরুত্ব দিয়ে সরকারকে সমাধান করতে হবে। নতুবা জমি নিয়েই বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
খাসবাস দারিকামারীতে এখন ৩৬ পরিবারের বসবাস। লোকসংখ্যা প্রায় ১৬৬ জন। এত বছর সমস্যা না হলেও এখন জমির মালিকানা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বাসিন্দারা বলছেন, সবাই নিজের জমি বুঝে নিতে তৎপর হওয়ায় বিক্রেতা কিংবা তাঁদের ওয়ারিশদের সঙ্গে ক্রেতাদের বিরোধ তৈরি হচ্ছে।
এ জন্য গত শুক্রবার ছিটমহল-জীবনের অবসান হওয়ার আনন্দের মধ্যেও খাসবাস দারিকামারীর বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা গেছে। তাঁদের কয়েকজন প্রথম আলোকে তাঁদের শঙ্কার কথাও জানান। পেশায় রাজমিস্ত্রি আবদুল আজিজ (৫৫) বলেন, পরে ছিটবাসী হলেও তাঁর জন্ম বাংলাদেশেই। ১৫ বছর আগে ১৮ হাজার টাকায় ছিটমহলে ৭৫ শতাংশ জমি কিনে বসবাস শুরু করেন।
আক্তার উদ্দিনের জমির পরিমাণ ৫০ শতাংশ। ১৮ বছর আগে তিনি কিনেছিলেন ১২ হাজার টাকায়। এখন এই জমির দাম দুই লাখ টাকার ওপর বলে তিনি জানান। মফিজউদ্দিন ৩০ বছর আগে ৫০ শতাংশ জমি কিনেছিলেন। তাঁদের কারও কাছেই জমির দলিল নেই।
এসব জমি ছিল প্রয়াত সফর আলীর পরিবারের। ওই পরিবারের বাড়ি ছিটমহলের প্রবেশমুখে। ওই বাড়িতে গেলে সফর আলীর ছেলে আলিয়ার রহমান প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁর বাবা-চাচা ও ভাইয়েরা কিছু জমি বিক্রি করেছেন। তবে ক্রেতাদের অনেকে পুরো টাকা পরিশোধ করেননি। কিছু লোক বর্গা চাষ করে এখন জমির মালিকানা দাবি করছেন। এ জন্যই গোলমাল বেঁধেছে। তবে সরকার যেভাবে ফয়সালা দেবে, তাঁরা সেটাই মেনে নেবেন। রফিকুল ইসলামকে মারধরের অভিযোগের বিষয়ে তিনি বলেন, মারধর নয়, ধাক্কাধাক্কি হয়েছে। এটা জমি নিয়ে নয়, পাড়া-প্রতিবেশীদের মধ্যে হওয়া কলহের অংশ।
পাটগ্রামের ইউএনও নূর কুতুবুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের জমির মালিকানা কীভাবে সমাধান করা হবে, সে বিষয়ে তিনি কোনো নির্দেশনা পাননি। সরকার চাইলে বিশেষ কমিশন করে এর সমাধান করতে পারে। প্রতিদিনই জমির সীমানা বিরোধ ও জনগণনায় বাদ পড়ে যাওয়া ব্যক্তিদের লিখিত অভিযোগ জমা হচ্ছে। তিনি বলেন, নিয়মানুযায়ী বসতিহীন ছিটমহলের জমি বা জলাশয় খাসজমিতে পরিণত হবে। আর কেউ মালিকানার বৈধ কাগজ দেখাতে পারলে তা তাঁদের বুঝিয়ে দেওয়া হবে।