জমির মালিকের ঈর্ষায় যুবকের স্বপ্নের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি ভাড়া নিয়ে কুলবাগান করেছিলেন ইলিয়াস চৌকিদার (৩৫)। সেই বাগান থেকে তিন বছরে ১৫ লাখ টাকা মুনাফা করেছেন। এমন সাফল্য দেখে লোভ সামলাতে পারেননি জমির মালিক। জমি আর ভাড়া দেওয়া হবে না—এমন কথা জানিয়ে বাগানের ৩৫০টি গাছ কেটে ফেলেছেন। ঘটনাটি শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর গ্রামের।
স্থানীয় সূত্র জানায়, জয়নগর গ্রামের হালিম চৌকিদারের ছেলে ইলিয়াস চৌকিদার পেশায় একজন গাড়িচালক। এ আয়ে সংসার চালাতে তাঁকে হিমশিম খেতে হচ্ছিল। সংসারে সচ্ছলতা আনতে বিকল্প আয়ের জন্য ২০১০ সালে একই গ্রামের লিটন মাদবরের কাছ থেকে ১১২ শতাংশ জমি ভাড়া নেন। বার্ষিক ১২ হাজার টাকা ভাড়ায় ১০ বছরের জন্য জমির মালিকের সঙ্গে চুক্তি হয়। নিচু জমিটিতে মাটি ফেলে উঁচু করে আপেলকুল ও বাউকুলের বাগান করা হয়। এ বাগান থেকে ইলিয়াস গত তিন বছরে ১৫ লাখ টাকা আয় করেছেন। ইলিয়াসের এমন সাফল্য দেখে লিটন মাদবর ঈর্ষান্বিত হন এবং ইলিয়াসকে আর জমি ভাড়া দেওয়া হবে না বলে জানিয়ে দেন। লিটন মাদবর গত ৫ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত ওই কুলবাগানে থাকা ৩৫০টি কুলগাছ কেটে জমি দখলে নেন। এ ব্যাপারে ইলিয়াস চৌকিদার গত ১০ মার্চ শরীয়তপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা দায়ের করেন।
গত শুক্রবার ওই বাগানে গিয়ে দেখা যায়, সব কুলগাছ কেটে জমির পাশে স্তূপ করে রাখা হয়েছে। অনেক গাছের শিকড় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। জয়নগর গ্রামের নাগিব মোল্লা বলেন, ইলিয়াস কুলবাগান করে অল্প সময়েই সাফল্য পেয়েছিলেন। তাঁর এ সাফল্যে এলাকার অনেক যুবক অনুপ্রাণিত হয়ে এ রকম প্রকল্প স্থাপনের উদ্যোগ নিয়েছেন। অন্যায়ভাবে জমির মালিক চুক্তি ভঙ্গ করে গাছগুলো কেটে ফেলেছেন।
ইলিয়াস চৌকিদার বলেন, ‘সংসারের সচ্ছলতা আনার জন্য ঋণ নিয়ে কুলবাগান করেছিলাম। লিটন মাদবরের সঙ্গে ১০ বছরের জন্য জমিটি ভাড়ার চুক্তি হয়েছে। আমার সাফল্য দেখে তিনি নিজেই এখন বাগান করবেন। আমাকে আর জমি ভাড়া দেবেন না এমন কথা বলে বাগানের সব গাছ কেটে ফেলেছেন। এতে আমার পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাগান নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। লিটন মাদবরের লোভে আমার সেই স্বপ্ন ধ্বংস হয়ে গেল।’
লিটন মাদবর বলেন, ‘জমিটি ১০ বছরের জন্য ভাড়া দিয়েছিলাম। কিন্তু আমার ভাইয়েরা এখন আর জমিটি ভাড়া দিতে রাজি হচ্ছে না। তারাই এখন ওই জমিতে বাগান করবে। এ ছাড়া চুক্তি অনুযায়ী ইলিয়াস চৌকিদার নিয়মিত ভাড়া পরিশোধ করত না। এ কারণে বাগানের গাছ কেটে জমি দখলে নিয়েছি।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শরীয়তপুরের উপপরিচালক মুনসুর রহমান বলেন, কুলবাগানের গাছ কেটে ফেলার ঘটনাটি দুঃখজনক। এভাবে কোনো যুবকের স্বপ্ন ধ্বংস করা উচিত নয়। অভিযুক্তদের আইনের আওতায় আনা উচিত। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, বাগান থেকে গাছ কাটার বিষয় মুঠোফোনে এক ব্যক্তি আমাকে জানিয়েছিলেন। থানায় লিখিত অভিযোগ না করায় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি।