জমির মূল্য বাড়ানোর দাবি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পায়রা সমুদ্রবন্দর এবং তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের কারণে ক্ষতিগ্রস্ত ভূমির মালিকেরা গতকাল কলাপাড়ায় মিছিল করেন l প্রথম আলো
পায়রা সমুদ্রবন্দর এবং তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের কারণে ক্ষতিগ্রস্ত ভূমির মালিকেরা গতকাল কলাপাড়ায় মিছিল করেন l প্রথম আলো

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পায়রা সমুদ্রবন্দর ও কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
গতকাল মঙ্গলবার জমির মূল্য বৃদ্ধিসহ সাত দফা দাবিতে উপজেলা সদরে মিছিল করা হয়। পরে পৌরসভা চত্বরে সমাবেশ হয়। সমাবেশ শেষে ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
দাবিগুলো হলো পায়রা বন্দর-সংলগ্ন এলাকার অধিগ্রহণ করা জমির মূল্য বর্তমান বাজারদরের চেয়ে পাঁচ গুণ বৃদ্ধি করে ক্ষতিগ্রস্তদের দিতে হবে, চলমান পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের বাইরে নতুন করে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য জমি অধিগ্রহণ করা যাবে না, পায়রা সমুদ্রবন্দর ও শেরেবাংলা নৌঘাঁটির জন্য কী পরিমাণ ভূমি অধিগ্রহণ করা হবে, তা আলোচনা করে ঠিক করতে হবে, বেসরকারি প্রতিষ্ঠানের নামে কোনো ভূমি অধিগ্রহণ করা যাবে না, অধিগ্রহণ করা ভূমির মালিকদের স্বার্থে ভূমি অধিগ্রহণ কার্যালয় কলাপাড়ায় স্থাপন করতে হবে, বিশেষ আদালত স্থাপন করে জমির মালিকানা-সংক্রান্ত ত্রুটি নিষ্পত্তি করে প্রকৃত মালিকদের অধিগ্রহণের টাকা পরিশোধ করতে হবে এবং অধিগ্রহণের টাকা পরিশোধ না করে ভূমি থেকে কাউকে উচ্ছেদ করা যাবে না।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান মাহমুদ। এতে বক্তব্য দেওয়ার সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম রাকিবুল আহসান বলেন, ‘পায়রা সমুদ্রবন্দর হচ্ছে। এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু জমির ন্যায্যমূল্য ক্ষতিগ্রস্ত জনগণ পাচ্ছে না।’ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলাউদ্দিন মধু বলেন, ‘সরকার সুনির্দিষ্ট নীতিমালা গ্রহণ না করে দেদার জমি অধিগ্রহণ করলে ৫০ হাজার মানুষ গৃহহীন হবে। আমরা জানতে চাই, সরকার কত হাজার একর জমি অধিগ্রহণ করতে চায়?’

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. বদিউর রহমান বলেন, ধানখালী ও চম্পাপুর পাশাপাশি দুটি ইউনিয়নে যদি চার-পাঁচটি তাপবিদ্যুৎকেন্দ্র গড়ে তোলা হয়, তাহলে জনগণ, বৃক্ষরাজি, মৎস্যসম্পদ ও কৃষিব্যবস্থা হুমকির মুখে পড়বে।

বালিয়াতলী ইউপি চেয়ারম্যান এ বি এম হুমায়ুন কবীর বলেন, ‘ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবার থেকে একজন করে পায়রা বন্দর ও তাপবিদ্যুৎকেন্দ্রে চাকরির ব্যবস্থা করতে হবে।’

ধানখালী ইউনিয়নের বাসিন্দা নাজমুল হুদা বলেন, পায়রা বিদ্যুৎকেন্দ্রের কারণে ধানখালীতে ১ হাজার ২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে একশ্রেণির ভূমির দালাল জমির ভুয়া মালিকানা সৃষ্টি করে আদালতে মামলা ঠুকে দিয়েছে। ফলে ওই এলাকার অর্ধেকেরও বেশি মানুষের ক্ষতিপূরণের টাকা আটকে গেছে।

ইউএনও এ বি এম সাদিকুর রহমান বলেন, সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ২৩ আগস্ট ঘটনাস্থল পরিদর্শন করে গেছে। দলটি ক্ষতিগ্রস্ত ভূমিমালিকদের এ দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে। দলটি শিগগির প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ-সংক্রান্ত প্রতিবেদন জমা দেবে।