জমির সর্বোচ্চ ব্যবহারে শস্য এলাকা নির্ধারণের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি গবেষকদের প্রতি আবাদি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে শস্য এলাকা নির্ধারণে আরও গবেষণা করার আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার সকালে তাঁর কার্যালয়ে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। এ ছাড়া এক ইঞ্চি কৃষিজমিও যেন অনাবাদি পড়ে না থাকে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন।সাক্ষাৎকালে গম ও ভুট্টার উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের উচিত জমি উপযোগী শস্য আবাদ করা। এতে কম উৎপাদন খরচে অধিক শস্য পাওয়া যাবে।’ এ ছাড়া তিনি ধানের ওপর চাপ কমাতে খাদ্যাভ্যাস পরিবর্তনে জনগণকে উৎসাহিত করার ওপরও জোর দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত করতে উৎপাদন বাড়াতে গবেষণা কার্যক্রম সুষ্ঠুভাবে চালিয়ে নিতে সরকার সব ধরনের সহযোগিতা দেবে। তিনি বলেন, খাদ্য উৎপাদন বাড়াতে কৃষিপণ্যে ভর্তুকি দেওয়াসহ বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর সরকারের ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের কথা তুলে ধরেন এবং খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য এক ইঞ্চি কৃষিজমিও যেন অনাবাদি পড়ে না থাকে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরে যাওয়ার বয়স ৬৫ বছর নির্ধারণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি প্রতিনিধিদলের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন উপাচার্য মো. আবদুল মান্নান আকন্দ। এ সময় তাঁরা শিক্ষকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে এসব সমাধানে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রী তাঁদের কথা শোনেন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারেও আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন। বাসস।