জমির সীমানা প্রাচীর ভেঙে দিল প্রতিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট পৌর এলাকার এক ব্যবসায়ীর জমির সীমানাপ্রাচীর ভেঙে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ব্যবসায়ী বৃহস্পতিবার রাতে চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম ভরশাহী গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আইয়ুব আলী ১০ মাস আগে একই গ্রামের আবদুল কুদ্দুসের কাছ থেকে পাঁচ শতক জমি কিনেন। পরে তিনি ওই জমির চারপাশে সীমানাপ্রাচীর নির্মাণ করেন। এর চার মাস পরে একই গ্রামের গোলজার হোসেন আবদুল কুদ্দুসের তিন বোন জামেলা, খোদেজা ও চায়নার কাছ থেকে একই জমি কিনেন। বৃহস্পতিবার বিকেলে দখলে নেওয়ার জন্য গোলজার হোসেন লোকজন নিয়ে ওই জমির সীমানাপ্রাচীর ভেঙে দেন।আবদুল কুদ্দুস দাবি করেন, ওই পাঁচ শতক জমি তাঁর। এ জমিতে তাঁর বোনদের কোনো মালিকানা নেই। গোলজার হোসেন বলেন, ‘আমার জমির পাশে হওয়ায় আমি ওয়ারিশদের কাছ থেকে ওই পাঁচ শতক জমি কিনেছি। আইয়ুব আলী অবৈধভাবে সেখানে সীমানাপ্রাচীর নির্মাণ করেছেন। এ কারণে আমার লোকজন সীমানাপ্রাচীর ভেঙে দিয়েছে।’ পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম জানান, বিষয়টি মীমাংসার জন্য উভয় পক্ষকে নিয়ে কয়েক দফা বৈঠক করা হয়েছে। কিন্ত সমাধান করা সম্ভব হয়নি। তবে এভাবে সীমানাপ্রাচীর ভেঙে দেওয়া ঠিক হয়নি। ধুনট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল মাজেদ জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।