কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ের পুরোনো ভবনে বিভিন্ন জমির প্রায় ৫০ হাজার দলিল এক বছরের বেশি সময় ধরে আটকে আছে। এতে খারিজসহ জমি কেনাবেচা করতে পারছেন না মালিকেরা। বিষয়টি লিখিতভাবে সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছে কর্তৃপক্ষ৷
উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭৯ সালে তারাগুনিয়া বাজারের পাশে একটি ভাড়া করা বাড়িতে দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয় স্থাপিত হয়। ১৯৮৬ সালের দিকে উপজেলা চত্বরের একটি ভবনে সহকারী জজ আদালতের কার্যক্রম চালু করা হয়।
১৯৯৩ সালের দিকে আদালতটি জেলায় স্থানান্তর করা হয় এবং যে দুটি কক্ষে আদালতের কার্যক্রম চলত, সেখানে সাব-রেজিস্ট্রি কার্যালয় স্থানান্তর করা হয়। ২০১২ সালে উপজেলা সহকারী জজ আদালত আবার উপজেলা চত্বরে স্থানান্তর করা হয়। সে সময় স্থানীয় সাংসদ আফাজ উদ্দীন আহম্মেদ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে চাহিদাপত্র দিয়ে সাব-রেজিস্ট্রি কার্যালয়টিকে নিজের বাড়ির কাছে তারাগুনিয়ার একটি ভাড়াবাড়িতে স্থানান্তর করান৷ ২০১৩ সালের ১৩ জানুয়ারি থেকে সেখানে কার্যক্রম শুরু হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলা চত্বরে সোনালী ব্যাংকের শাখা রয়েছে৷ ফলে সেখানে সাব-রেজিস্ট্রি কার্যালয় থাকাকালে সহজেই পে-অর্ডার করা যেত৷ উপজেলা ভূমি অফিস ও উপজেলা ই-সেন্টারও পাশেই ছিল। যেখান থেকে জমিজমার কাগজপত্র যাচাই-বাছাই এবং নামজারি করা অনেক সহজ ছিল৷ কিন্তু তারাগুনিয়ায় সোনালী ব্যাংকের কোনো শাখা নেই। এ জন্য জমির ক্রেতা-বিক্রেতাকে চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে উপজেলা সদর থেকে পে-অর্ডার করে নিয়ে দলিল সম্পাদন করতে হচ্ছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে জনৈক ব্যক্তি ২০১৩ সালের ১৩ জানুয়ারি উচ্চ আদালতে রিট করেন। আদালত ১৬ জানুয়ারি থেকে উপজেলা চত্বরের সাব-রেজিস্ট্রি কার্যালয়ের ওপর ছয় মাসের স্থিতাবস্থা জারি করেন। এতে ওই কার্যালয়ের একটি কক্ষে ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত সম্পাদন করা প্রায় ৫০ হাজার মূল দলিল, বালাম বইসহ (জমি কেনাবেচার রেজিস্ট্রি খাতা) বিভিন্ন কাগজপত্র আটকা পড়ে। মাঝে দুবার স্থিতাবস্থার মেয়াদ বৃদ্ধি হওয়ায় চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত বলবৎ রয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে গত ৩০ এপ্রিল দৌলতপুর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে অফিস সহকারী মীর আমিন সার্বিক বিষয়টি লিখিতভাবে জেলা রেজিস্ট্রি কার্যালয়কে জানান৷ জেলা রেজিস্ট্রার ১৯ মে প্রতিবেদনটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠান।
লিখিত প্রতিবেদনে বলা হয়, এক বছরের বেশি সময় ধরে উপজেলা চত্বরের ভবন তালাবদ্ধ রয়েছে৷ কক্ষ দুটি পুরাতন ও স্যাঁতসেঁতে এবং ঘরে বৃষ্টির পানি পড়ে। এতে কাগজপত্র নষ্ট হয়ে যেতে পারে। এতে আরও বলা হয়, বর্তমান ভবনে প্রায় ১৮ হাজার দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র মেঝেতে অরক্ষিত অবস্থায় পড়ে আছে। দলিল সংরক্ষণের আসবাব না থাকায় জাবেদা নকল প্রণয়নে সমস্যা হচ্ছে। কার্যালয়টি প্রয়োজনের তুলনায় অপ্রশস্ত এবং এতে পর্যাপ্ত আলো-বাতাস ঢোকার ব্যবস্থা না থাকায় কর্মকর্তা-কর্মচারীরা অস্বস্তিতে রয়েছেন।
শরিফুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, দলিল আটকে থাকায় তাঁর বাবার জমি নিজের নামে খারিজ করাতে পারছেন না তিনি৷ বহু মানুষ এ ধরনের সমস্যায় পড়েছেন।
জেলা রেজিস্ট্রার শামীমা সুলতানা প্রথম আলোকে বলেন, মানুষের দুর্ভোগসহ সার্বিক বিষয় তুলে ধরে মন্ত্রণালয়ে লিখিত দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে, দ্রুত সমস্যার সমাধান হবে।