অবস্থানগত কারণে ছিলেন ভারতের নাগরিক। কিন্তু থাকতেন বাংলাদেশের ভেতর। অভাবের যাতনা সহ্য করতে না পেরে একসময় চলে যান ভারতের দিল্লিতে। সেখানে থাকেন প্রায় এক যুগ। তারপর ২০১৫ সালে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময়ের খবর পেয়ে ফেরেন জন্মভূমিতে। কিন্তু যখন ফিরলেন, তখন পড়লেন জটিল সমস্যায়।
এ গল্প ৭৩ বছরের জমিলা বেওয়ার। তাঁর বাড়ি ভারতের বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ায়। ২০১৫ সালে ছিটমহল বিনিময়ের আগে দেশে ফিরে তিনি জানতে পারেন, তাঁর নাম বাংলাদেশ-ভারত সরকারের যৌথ উদ্যোগে জনগণনাতে অন্তর্ভুক্ত হয়নি। এ কারণে পরবর্তীকালে বাংলাদেশও ভোটার হতে পারেননি। ছিটমহল বিনিময়ের ছয় বছর হলেও জমিলা নাগরিকত্বহীন। তিনি এখন না ভারত, না বাংলাদেশের নাগরিক।
গত ২৪ জুলাই কুড়িগামের ফুলবাড়ী উপজেলা থেকে চার কিলোমিটার পূর্ব দিকে দাশিয়ারছড়ার ছোট কামাত গ্রামে জমিলার সঙ্গে দেখা। তিনি এ গ্রামের ছেলে দুলালের সঙ্গে থাকছেন।
জমিলা বলেন, ২০০২-০৩ সালের দিকে তাঁর স্বামী মারা গেলে তিনি কষ্টে পড়েন। সে সময় তাঁর মেয়ে শাহিদা ও মেয়েজামাই সৈয়দ তাঁকে দিল্লিতে নিয়ে যান। তাঁরা ইটভাটায় কাজ করতেন। জমিলা বাড়িতে নাতি-নাতনিদের আগলে রাখতেন। ছিটমহল বিনিময়ের খবর শুনে তিনি দেশে ফিরে এসেছেন।
ছিটমহল বিনিময় আন্দোলনের নেতা ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১১ সালে বাংলাদেশ ও ভারতে সরকারের উদ্যোগে বাংলাদেশ-ভারতের ১৬২টি ছিটমহলে প্রথম জনশুমারি হয়। সেই তালিকা ধরে ২০১৫ সালে আবার যৌথ জনগণনা হয়। সেখানে নতুন করে কারও নাম অন্তর্ভুক্ত করা হয়নি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ছিটমহল বিনিময়ের পর বিলুপ্ত ছিটমহলের অধিবাসীদের স্মার্টকার্ড দিতে দাশিয়ারছড়ায় পাইলট প্রকল্প হিসেবে কাজ হাতে নেয় নির্বাচন কমিশন। সে সময় জমিলাও নাম অন্তর্ভুক্ত করেছেন, ছবি তুলেছেন। কিন্তু অন্যরা স্মার্টকার্ড পেলেও জমিলা পাননি। জমিলা পরে জানতে পারেন, তাঁর নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
জমিলা দাশিয়ারছড়ার যে গ্রাম বাস করছেন, তার নাম ছোট কামাত। ছিটমহল বিনিময়ের পর এটি এখন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়েছে। জমিলা বললেন, তিনি ইউনিয়ন পরিষদ থেকে জন্মনিবন্ধন সনদ তুলতে গিয়েছিলেন, কিন্তু সেখান থেকে তাঁকে ফেরত পাঠানো হয়েছে।
জমিলার জীবনের করুণ দুঃখের কথা বর্ণনা করলেন তাঁর প্রতিবেশী নিরবালা। তিনি বলেন, ছিটমহল বিনিময়ের পর জমিলার নামে বয়স্ক ভাতার কার্ড এসেছিল। কিন্তু নাগরিকত্ব না থাকায় দুই বছর পর তাঁর নাম বাদ পড়েছে। তাঁর ছেলে নবাবও অভাবী। মায়ের ভরণপোষণ দিতে পারেন না। জমিলার দিন কাটছে অনাহারে-অর্ধাহারে।
একই সমস্যা কালিরহাটের আক্তার আলীর। তিনিও ভারতের দিল্লিতে ইটভাটায় কাজ করেন প্রায় ২০ বছর। বাংলাদেশ–ভারতের যৌথ শুমারির তালিকায় তাঁর নামও নেই। গত বছর তিনি দাশিয়ারছড়ায় ফিরলেও নাগরিকত্বের সংকটে পড়েছেন।
বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ার ছিটমহল বিনিময় আন্দোলনের নেতা আলতাফ হোসেন বলেন, জীবিকার তাগিদে একসময় ছিটমহলের অনেক বাসিন্দা তাঁদের এলাকা ছেড়ে অন্যত্র পাড়ি জমিয়েছেন। তাঁরা ছিটমহল বিনিময়ের আগে-পরে দেশে ফিরেছেন। এই সমস্যা অনেকের আছে। তবে ঠিক কতজনের এ রকম সমস্যা আছে, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, এ ধরনের ঘটনা খুব বেশি নয়। যাঁরা সঠিকভাবে আবেদন করছেন এবং বৈধ কাগজপত্র দেখিয়েছেন, তাঁরা বাংলাদেশের নাগরিক হয়েছেন। হয়তো কিছু ব্যক্তি আছেন, যাঁরা বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
জমিলা-আক্তারদের মতো ঘটনা প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন দাস বলেন, এ রকম কোনো ঘটনা থাকলে আমরা সমাধানের চেষ্টা করব।’
ভোটার স্থানান্তর নিয়ে জটিলতা
ভারতের ছিটমহলের অনেক বাসিন্দা সুযোগ-সুবিধা পাওয়ার আশায় তখন ভুয়া ঠিকানা দিয়ে বাংলাদেশের ভোটার হন। এই নাগরিকেরা এখন পড়েছেন বিড়ম্বনায়। তাঁদের ভূখণ্ড বাংলাদেশে যুক্ত হলেও তাঁরা সেখানকার ভোটার হতে পারছেন না।
যেমন ছোট কামাত গ্রামের আবদুস ছাত্তার নিজের পরিচয় লুকিয়ে মামার বাড়ি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশের ভোটার হয়েছিলেন। ছিটমহল বিনিময়ের পর তিনি ছোট কামাত গ্রামের ভোটার হতে চাইলেও পারেনি। পরে কয়েকবার ভোট স্থানান্তরের জন্য ফুলবাড়ী উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে ঘুরলেও সমাধান হয়নি।
একই সমস্যা প্রফুল্ল রায়ের। তিনি ছিটমহল বিনিময়ের আগে ভোটার হয়েছিলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পানিকুড়ি গ্রামের শ্বশুরবাড়ির ঠিকানায়। তাঁর বসবাস দাশিয়ারছড়ায় হলেও ভোট দিতে যেতে হয় নাগেশ্বরীতে। চাইলেও সমস্যার সমাধান করতে পারছেন না।
প্রফুল্ল রায়ের স্ত্রী নিরবালা বলেন, তাঁর স্বামী প্যারালাইসিসের রোগী। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলাফেরা করেন। তিনি এখানকার নাগরিক না হওয়ায় প্রতিবন্ধী ভাতাও করতে পারছেন না। অন্য কোনো সাহায্য-সহযোগিতাও পান না। সংসার চালাতে তাঁদের খুব কষ্ট হচ্ছে।
তবে জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এ বিষয়ে বলেন, সারা দেশে ভোটার স্থানান্তরের প্রক্রিয়া চলমান। যেকেউ ভোট স্থানান্তর করতে পারবে।