জমিসংক্রান্ত বিরোধে মারধর মামলা করায় বাদীপক্ষকে হুমকি
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে মারধরের ঘটনায় বাদীপক্ষকে মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন ভুক্তভোগী ব্যক্তির পরিবারের পরিবারের সদস্যরা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বুল্যা মৌজায় সাড়ে ১১ শতক বসতভিটা নিয়ে কুয়েতপ্রবাসী মনির হোসেনের সঙ্গে তাঁর চাচাতো ভাই সিরাজুল হক ওরফে বিপ্লবের বিরোধ রয়েছে। বিষয়টি নিয়ে জেলা দায়রা ও জজ আদালতে মামলা হয়। সম্প্রতি আদালত মনির হোসেনের পক্ষে রায় দেন।
বর্তমানে ওই জমি দেখভাল করছেন আবদুর রহিম নামের এক ব্যক্তি। তিনি জানান, ১৭ আগস্ট বিকেলে স্থানীয় সিরাজপুর হাটে বিপ্লব তাঁকে মারধর করেন। এ সময় তাঁর ৭ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আশপাশের লোকজন এগিয়ে গেলে বিপ্লব চলে যান। এ ঘটনায় গত বৃহস্পতিবার বিপ্লবকে আসামি করে সিঙ্গাইর থানায় মামলা করেন আবদুর রহিম।
আবদুর রহিম বলেন, ‘মনির হোসেনের বসতভিটায় কেয়ারটেকারের কাজ করি আমি। এ জন্য আমাকে মেরে ফেলার হুমকি দিতাছে বিপ্লব। বাড়ি থেকে বের হলে আতঙ্কে থাকি, কখন যে কী হয়ে যায়।’
মনির হোসেনের স্ত্রী সায়মা মনির অভিযোগ করেন, ওই বসতভিটা দখল করতে মারধরের ভয়ভীতি দেখানো হচ্ছে। মামলা তুলে নিতে সিরাজুল হুমকি-ধমকি দিচ্ছেন। চান্দহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) শওকত হোসেন তাঁকে সহযোগিতা করছেন।
অভিযোগ অস্বীকার করে বিপ্লব বলেন, মনির ওই বসতভিটার দলিল জাল করে ভোগদখল করতে যাচ্ছেন। এ নিয়ে আদালতে মামলাও চলছে। হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ মিথ্যা। মারধরের অভিযোগও সঠিক নয়।
ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বলেন, জমিজমা নিয়ে চাচাতো দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। তবে সমাধান না হওয়ায় আদালতে মামলা চলছে। বিপ্লবের পক্ষে কাজ করা কিংবা তাঁকে সহযোগিতার অভিযোগ ঠিক নয়।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, হুমকির বিষয়টি জানা নেই। এ ব্যাপারে থানায় কেউ সাধারণ ডায়েরি (জিডি) করেননি। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।