জমে উঠছে গাবতলী পশুর হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে কোরবানির পশুর অস্থায়ী হাট এখনো বসেনি। আগ্রহী অনেকেই পশুর দরদাম জানতে সুযোগ পেলেই ছুটছেন গাবতলীর স্থায়ী হাটে। গতকাল তোলা ছবি l প্রথম আলো
রাজধানীতে কোরবানির পশুর অস্থায়ী হাট এখনো বসেনি। আগ্রহী অনেকেই পশুর দরদাম জানতে সুযোগ পেলেই ছুটছেন গাবতলীর স্থায়ী হাটে। গতকাল তোলা ছবি l প্রথম আলো

কোরবানির পশু কিনতে পরিবারের ১২ সদস্যকে নিয়ে রাজধানীর আজিমপুর নিউ পল্টন থেকে গাবতলী এসেছেন ব্যবসায়ী আলাউদ্দিন হোসেন। সদস্যদের মধ্যে শিশুই বেশি। বিপুল উৎসাহ নিয়ে পুরো হাট ঘুরে গরু-ছাগল দেখছিলেন তাঁরা। অবশেষে ৯০ হাজার টাকায় একটি গরু কিনে মালা ও রঙিন কাগজে সাজিয়ে বাড়ি ফিরলেন। শিশুদের চোখেমুখে ঝিলিক দিচ্ছিল আসন্ন ঈদের খুশি। 
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে জমে উঠছে রাজধানীর গাবতলীর পশুর হাট। ঈদের আর সাত দিন বাকি থাকায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হাটে পশু আসতে শুরু করেছে। ক্রেতা থাকলেও বেচাকেনা কম। অনেকে এসেছেন মূলত বাজার ঘুরে দেখতে। গতকাল রোববার বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হাটে ঘুরে এ চিত্র দেখা যায়।
হাট থেকে সদ্য গরু কেনা আলাউদ্দিন বলেন, ‘বাসায় গরু রাখার জায়গা আছে। আর বাচ্চারা অনেক উত্তেজিত কেনার জন্য। তাই কয়েক দিন আগেই কিনে ফেললাম।’
কুষ্টিয়ার দৌলতপুর থেকে ২৫টি গরু নিয়ে গাবতলী এসেছেন রফিকউদ্দিন। সব নিজের পালা গরু, তার মধ্যে সবচেয়ে বড় গরুটির দাম হেঁকেছেন সাত লাখ টাকা। হাটের মূল হাসিল কাউন্টারের পাশেই রাখা গরুটি দেখার জন্য ভিড় করেছেন লোকজন।
রফিকউদ্দিন বলেন, ‘বেচাবিক্রি হবে ঈদের দু-তিন দিন আগে। এখন যারাই আসে, ঘুরে দাম জেনে চলে যায়। কেনার কাস্টমার (ক্রেতা) কম।’ বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ইকবাল আহমেদ বললেন, ‘এখনই কিনব না। শুক্র-শনিবার কেমন গরু আসে দেখে তারপর সিদ্ধান্ত নেব।’
হাটে দল বেঁধে ঘুরতে দেখা যায় উঠতি বয়সী কিশোরদের। ঘুরে ঘুরে কোরবানির পশু দেখে আর দাম শুনেই তারা খুশি। এ রকম দলগুলোর বেশি ভিড় হাটে আসা ‘মরুর জাহাজ’ উট রাখার জায়গায়। এবার হাটে এসেছে ২০টির মতো উট। মিরপুরের একটি স্কুলে পড়ুয়া এমনই এক দলের সদস্যরা বলল, ‘আমরা তো গরু কোরবানি দিব। হাটে এসেছি উটের সঙ্গে ছবি তুলতে।’
কোরবানির পশু সাজানোর জন্য হাটে থাকা মালা, রঙিন কাগজ, দড়ির দোকানে জমতে শুরু করেছে ভিড়। হাটের পাশেই থাকা কামারের দোকানগুলোতে ব্যস্ততা শেষ সময়ে ছুরি-চাকু ধার দেওয়ায়।
বিগত বছরগুলোতে দেখা যায়, কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে জাল টাকার চক্র বছরের অন্য সময়ের চেয়ে বেশি সক্রিয় হয়ে ওঠে। জাল টাকা শনাক্ত করতে এবার হাট কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে ৩০টি জাল নোট শনাক্তকরণ যন্ত্র বসিয়েছে। সন্দেহ হলেই নোট পরীক্ষা করাতে এবং অপরিচিত লোকের কাছ থেকে কিছু না খাওয়ার জন্য কর্তৃপক্ষ বারবার মাইকে ঘোষণা দিচ্ছে।
বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, এবার হাটে হাসিল আদায়ের জন্য ১৮টি কাউন্টার করা হয়েছে। জাল নোট চক্র ও অজ্ঞান পার্টি ঠেকাতে হাটে রয়েছে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।