জমে উঠেছে অনির্বাণ একুশে নাট্যমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দর্শনা পৌর মাঠে অনুষ্ঠিত অনির্বাণ একুশে নাট্যমেলা জমে উঠেছে। উৎসবের দ্বিতীয় দিনে গতকাল বুধবার রাতে মঞ্চস্থ হয়েছে নাটক জিষ্ণু যারা, যাকে ঘিরে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ঘটে।

অনির্বাণ থিয়েটার পরিবেশিত নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন আনোয়ার হোসেন। কুশীলব ছিলেন মাহাবুবুর রহমান, শামীম আজাদ, মিরাজ উদ্দিন, হাসমত কবির, সাজ্জাদ হোসেন, জগন্নাথ কুমার কর্মকার, আজাদুল ইসলাম, ফরহাদ হোসেন, জেসমিন আক্তার, এস এম সাব্বির আলিম, হাবিবুর রহমান, আবদুল্লাহ আল ফয়সাল, শফিউল ইসলাম ও সাবিনা ইয়াসমিন।

মুক্তিযোদ্ধা সুরুজ মাঝির বিধবা কন্যা ফুলির হত্যাকাণ্ড ঘিরে জিষ্ণু যারা নাটকের কাহিনি। খুনের ঘটনায় মানুষের সন্দেহ এক রাজাকারপুত্রের দিকে। খুনের ঘটনায় সুরুজ মাঝি থানায় মামলা করলেও পুলিশ প্রভাবিত হয়ে তা আত্মহত্যা বলে চালাতে তৎপর হয়। ধূর্ত রাজাকার নিজ পুত্রকে রক্ষা ও মানুষের মনোযোগ ভিন্ন খাতে নিতে গ্রামে একজন মন্ত্রীকে নিয়ে আসেন। মন্ত্রীর আগমনে মানুষ উৎফুল্ল হয়, চাপা পড়ে যায় ফুলি হত্যার ঘটনা। এমন পরিস্থিতিতে প্রতিবাদী এক যুবক জনসমক্ষে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা আঁটেন। কৌশলে রাজাকারবাড়িতে যাত্রাগানের আয়োজন করা হয়। যাত্রার মঞ্চেই ওই যুবক খুনি রাজাকারপুত্রকে দেহ থেকে মাথা আলাদা করে খুন করেন এবং স্বেচ্ছায় পুলিশের হাতে ধরা দেন।

এদিকে নাট্যমেলার অনুষঙ্গ হিসেবে বিকেল চারটায় উৎসব মঞ্চে ছিল দর্শনা কেরু উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় অনির্বাণ থিয়েটার ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠন সুরসাধনার শিল্পীদের অংশগ্রহণে দেশের গান ও নৃত্য পরিবেশিত হয়।

এরপর ‘বাংলা ও বাংলা নাটক’ শীর্ষক বিষয়ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অনির্বাণ থিয়েটারের উপদেষ্টা মহসীন আলী সভাপতিত্ব করেন। প্রধান আলোচক ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক মুন্সী আবু সাইফ। আলোচনায় অংশ নেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এ বি এম আরশাদ হোসেন ও চুয়াডাঙ্গার অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মো. আলাউদ্দিন।

 অনির্বাণ থিয়েটারের ৩৪ বছর পূর্তিতে ২১ ফেব্রুয়ারি থেকে আট দিনব্যাপী একুশে নাট্যমেলা চলছে। উৎসবে সহযোগিতা করছে প্রথম আলো। আজ বৃহস্পতিবার ঝিনাইদহের অংকুর নাট্য একাডেমির নাটক গাজী কালু চম্পাবতী মঞ্চস্থ হবে।