জমে উঠেছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সব
দারুণ উত্সাহ-উদ্দীপনা নিয়ে দলবেঁধে বড় পর্দায় সিনেমা দেখতে এসেছে তারা। সিনেমাগুলো তাদের জন্য তৈরি। দেশ-বিদেশের খ্যাতনামা পরিচালকেরা সেগুলো তৈরি করেছেন। সিনেমা এখন মূলত টিভিতে দেখে থাকে তারা; কিন্তু বড় পর্দায় সিনেমা দেখার মজাটাই আলাদা। সেই আনন্দ এই প্রথম উপভোগের সুযোগ পেয়েছে তাদের কেউ কেউ। আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সবে গতকাল রোববার রাজধানীর বিভিন্ন স্কুল থেকে এ শিশুরা এসেছিল সিনেমা দেখতে। সিনেমা দেখার পাশাপাশি তারা গল্প ও আলোচনায় মেতে উঠেছিল বড়দের সঙ্গে।চিলড্রেনস ফিল্ম সোসাইটির আয়োজনে গত শনিবার শুরু হওয়া তৃতীয় আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সবের গতকাল ছিল দ্বিতীয় দিন। এ দিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উত্সবের বিভিন্ন কেন্দ্রে প্রদর্শিত ৪০টি চলচ্চিত্র উপভোগ করেছে শত শত শিশু-কিশোর। রোববার উত্সবের মূল কেন্দ্র কেন্দ্রীয় গণগ্রন্থাগারের পাশাপাশি সব মিলনায়তনে অনেক ভিড় ছিল শিশুদের। সন্ধ্যায় তারা আগ্রহ নিয়ে শুনেছে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের কথা।শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে গতকাল মোজার্ট ইন চীন, সফেদ হাতি, দ্য ক্রোকোডাইলস, দ্য আদার ব্যাংক ছবিগুলো প্রদর্শিত হয়। ধানমন্ডির ইরান সাংস্কৃতিক কেন্দ্রে ইজ ইট রেইনিং, স্মাইলস, ফটো, টাইম মার্ডার এবং রুশ সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে প্রদর্শিত হয়েছে প্রত্যাশা, ওঝরা ফুলের বাগান। এ ছাড়া ব্রিটিশ কাউন্সিল, জার্মান সাংস্কৃতিক কেন্দ্র, মিরপুরের ইউসেপ মিলনায়তন ও মালিবাগ চৌধুরীপাড়ার পল্লীমা সংসদ মিলনায়তনে প্রদর্শিত হয় আরও বেশ কয়েকটি শিশুতোষ চলচ্চিত্র। এসব মিলনায়তনে বেলা ১১টা থেকে শুরু করে যথাক্রমে দুইটা, বিকেল চারটা ও সন্ধ্যা ছয়টায় চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। আজও এ মিলনায়তনগুলোয় একই সময়ে বিভিন্ন দেশের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রসহ কার্টুন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।আবদুল্লাহ আবু সায়ীদের সঙ্গে আড্ডা: সন্ধ্যায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার মিলনায়তনে শিশুরা অপেক্ষা করছিল আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের জন্য। তিনি সেখানে উপস্থিত হতেই কচি হাতের করতালিতে মুখরিত হয়ে ওঠে মিলনায়তন। তারা মেতে ওঠে গল্পে, প্রশ্নে ও মন্তব্যে। সারা দেশ থেকে আসা ১২৫ জন শিশু প্রতিনিধি অংশ নেয় এই মুখোমুখি অনুষ্ঠানে।সাত লোকসাধক স্মরণে শিল্পকলায় সংগীত উত্সবলোকসংগীত আমাদের ঐতিহ্যবাহী উত্তরাধিকারের গর্ব। এ গানই আমাদের চৈতন্যোদয় ঘটিয়েছে শ্রেণী-শোষণের বিরুদ্ধে। এ গানই আমাদের সাহস দিয়ে বলেছে ‘কাস্তেধরা কড়া হাতে রুখব সবাই অত্যাচার’। প্রমত্ত নদীবক্ষে মাঝি হাল ধরে শক্ত হাতে, পাল তুলে গায় গান। কিন্তু আজ নদীর বুকে শুকিয়ে গেছে জল, নৌকা আর বায় না মাঝি, ওঠে না গান গলায়। আবার আধুনিক যান্ত্রিকতার প্রবল আগ্রাসনে বাংলার নিজস্ব বাদ্যযন্ত্র ও সংগীতসম্ভারও যেন বিলীয়মান। এ প্রবণতা রুখতে হবে, না হলে আমাদের আপন পরিচয় হারিয়ে যাবে।বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে অনুষ্ঠেয় লোকসংগীত উত্সব উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিষ্ঠানের মহাপরিচালক কামাল লোহানী। রোববার সকালে একাডেমীর সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনে তিনি জানান, লোকসংগীতের ঐতিহ্য রক্ষায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী নতুন পরিকল্পনা ও কর্মসূচি নিয়েছে। তিনি বলেন, একাডেমী লালন শাহ, হাসন রাজা, রাধারমণ, জালাল খাঁ, রমেশ শীল, বিজয় সরকার ও শাহ আবদুল করিম রচিত গীত গানের শুদ্ধ বাণী ও সুর নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে। সে লক্ষ্যেই আজ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত এই সাত বরেণ্য লোকসাধকের গান নিয়ে উত্সবের আয়োজন করা হয়েছে। বিকেল চারটায় উত্সবের উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। প্রথম দিনে শাহ আবদুল করিমের গান পরিবেশিত হবে।ইউডার চারুকলায় শিল্পকর্মের সম্মিলনইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের (ইউডা) চারুকলা বিভাগের ভবনটি এখন শিল্পকর্মের গ্যালারিতে পরিণত হয়েছে। ভবনটির তিনটি তলার ১৬টি কক্ষে উপস্থাপন করা হয়েছে নানা রকম শিল্পকর্ম। এ কাজগুলো করেছেন এখানকার শিক্ষার্থীরাই। তাঁরা সারা বছর শিল্পচর্চায় মগ্ন ছিলেন চিত্রকলা শিক্ষার এ প্রতিষ্ঠানে। পাঠ্যক্রম আর শিক্ষকদের নির্দেশনায় তাঁরা যেসব শিল্পকর্ম করেছেন বিগত এক বছরে, তা থেকে বাছাই করা কাজ উপস্থাপন করা হয়েছে ইউডার চারুকলা বিভাগের এ বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীতে। যেখানে ১৫০ শিক্ষার্থীর ২৫০টি বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম রয়েছে।প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সবার জন্য খোলা থাকছে। চারুকলা অনুষদের সমন্বয়কারী শিল্পী শাহ্জাহান আহেমদ জানান, ৮ ফেব্রুয়ারি অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রদর্শনী শেষ হবে।