গত বছরের মতো এবারও তরুণীদের পছন্দ ভারতীয় ফ্যাশনের থ্রিপিস। গত বছরের ‘ঝিলিক-খুশি’কে পেছনে ফেলে এবার মেয়েরা ঝুঁকেছেন ‘হাঙ্গামা-হাউসফুল-লাভেরিয়া’র দিকে। নিউমার্কেটের দোতলার দরজিবাড়ি ঘুরে জানা গেছে, এক সপ্তাহ আগে থেকেই সেখানে ফরমাশ নেওয়া বন্ধ। এখন এসব দরজিবাড়িতে ফরমাশ দেওয়া পোশাক সরবরাহ নিতে ভিড় করছেন ক্রেতারা।
বম্বে লেডিস টেইলার্সের রফিকুল ইসলাম জানান, ফরমাশ নেওয়া বন্ধ করে শেষ মুহূর্তে পোশাক সরবরাহ দিতেই এখন হিমশিম খেতে হচ্ছে। জলেশ্বরীতলার সুকন্যা ফ্যাশন হাউসের মিতু ইসলাম জানান, এবার তরুণীরা ভারতীয় ও পাকিস্তানি পোশাকে বেশি ঝুঁকছেন।
রহমানিয়া সিটি শপিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আবদুল খালেক বলেন, মেয়েদের পোশাকের পাশাপাশি এবার শিশু ও তরুণদের পোশাকও বেশি বিক্রি হচ্ছে। বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক বলেন, নির্বিঘ্নে কেনাকাটা নিশ্চিত করতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিপণিবিতানগুলোতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চাঁদরাত পর্যন্ত কেনাকাটায় সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে।