জমে উঠেছে কিশোর আলোর জন্মদিন

কিশোর আলোর জন্মদিন বলে কথা। বৃষ্টি কি আর ওদের আটকাতে পারে? কিআ’র মাঝে বাঁধা পড়েছে ওদের হিয়া। তাই তো সকাল হতেই দুদ্দাড় করে সবাই হাজির। তা কোথায়? ওই রেসিডেনসিয়াল মডেল কলেজ প্রাঙ্গণে। সেখানে আজ শুক্রবার কিশোর আলোর চতুর্থ জন্মদিনের উৎসব চলছে।
গতকাল বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। ঝরো ঝরো ঝরছে তো ঝরছেই। তাই সকালেও আকাশের কান্না। কিন্তু কিআভক্ত অগণিত শিশু-কিশোরদের মন পড়ে আছে রেসিডেনিসয়ালের মাঠে। তাই সময়মতো দে ছুট।
সকাল ৮টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। সঙ্গে ছিলেন বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর, রেসিডেনসিয়াল কলেজের অধ্যক্ষ ব্রি. জে. আবদুল মান্নান ভুঁইয়া, গায়ক মিনারসহ অনেকে।
অনুষ্ঠানটি উন্মুক্ত নয়। কেবল নিবন্ধিত কিশোর-কিশোরী, অভিভাবক, আমন্ত্রিত অতিথিরাই সেখানে সমাদৃত। গত বছরের ছয়টা কিশোর আলো দেখিয়েও অনুষ্ঠানে প্রবেশ করা যাবে। প্রবেশপথের বাইরে কিশোর আলোর স্টল থেকে ছয় মাসের আগাম গ্রাহক হয়ে প্রবেশপত্র জোগাড় করা যাবে। কোনো প্রশ্ন থাকলে ফেসবুকে কিশোর আলোর পেজ দেখতে অনুরোধ করা হয়েছে।
অনুষ্ঠানে লেখালেখি, গণিত, ভাষা নিয়ে কর্মশালা হবে। থাকবেন অধ্যাপক সৌমিত্র শেখর ও মুনির হাসান। জাদু দেখাবেন রাজীব বসাক। রয়েছে নানা ধরনের মজার স্টল। খেলাধুলা, কস্টিউম শো, অ্যাডভেঞ্চার, কমিকস, ক্যারিক্যাচার, গেমিং কর্নার, অরিগামি, বিজ্ঞান, আইকিউসহ নানা মজার আয়োজন। কিআ নিয়ে প্রশ্নের উত্তর দেবেন আনিসুল হক।
কিআনন্দ ঢাকার অনুষ্ঠানে সহযোগিতা করছে পেপসোডেন্ট ও এক্সিম ব্যাংক। সম্প্রচার সহযোগী চ্যানেল আই।