জমে উঠেছে কুমিল্লার 'খাদি বাজার'
একদিকে ঐতিহ্য, অন্যদিকে রং ও বৈচিত্র্যে আধুনিকতা—এ দুই কারণে জমজমাট হয়ে উঠেছে কুমিল্লার খাদি বাজার। এবারের ঈদকে কেন্দ্র করে নগরের খাদি দোকানগুলোতে ক্রেতাদের ভিড় প্রথম রোজা থেকেই। ছুটির দিন ছাড়া সপ্তাহের বাকি ছয় দিনই এখন রাজগঞ্জ, মনোহরপুর, কান্দিরপাড় ও লাকসাম সড়কের দোকানগুলো ক্রেতাসমাগমে মুখর থাকে। গতকাল সোমবার নগরের বেশ কয়েকটি দোকান ঘুরে এমনটাই জানা গেছে।
কান্দিরপাড়ের লাকসাম সড়কের পূর্বাশা গিফট অ্যান্ড খাদি, জোসনা স্টোর, খাদি নীড়, খাদি নিলয়, খাদিনী, খাদি পরশ প্রীতি, চরকা, কুমিল্লা খদ্দর, মনোহরপুরের আবরণী, প্রসিদ্ধ খাদি ও বিশুদ্ধ খদ্দর ভান্ডারে শত শত পাঞ্জাবি সাজিয়ে রাখা হয়েছে। নকশা, রং ও কাপড়ভেদে এসব পাঞ্জাবির দাম সর্বনিম্ন ৬০০ থেকে দুই হাজার ২৫০ টাকা। এ ছাড়া, খাদির সঙ্গে অ্যান্ডি সিল্ক ও সুতি কাপড় লাগিয়ে পাঞ্জাবির নকশায় আনা হয়েছে বৈচিত্র্য। খাদির ওপর হাতের কাজ করা পাঞ্জাবির কদরও রয়েছে বেশ। মেয়েদের পোশাকেও এবার আনা হয়েছে বৈচিত্র্য। খাদির সঙ্গে জামদানি, তাঁত ও হাতের কাজের থ্রিপিসের দাম রাখা হয়েছে ৬০০ থেকে এক হাজার ৪০০ টাকা পর্যন্ত। ছোটদের খাদির পায়জামা-পাঞ্জাবির দাম রাখা হয়েছে ৭০০ থেকে এক হাজার ১০০ টাকা।
লাকসাম সড়কের জোসনা স্টোরে কথা হয় বরুড়ার আড্ডা গ্রামের মো. সেলিমের সঙ্গে। তিনি বলেন, ঈদ উপলক্ষে খাদির বেডশিট ও জানালার পর্দা কিনতে এসেছেন।
মনোহরপুর এলাকার ঐতিহ্যবাহী বিশুদ্ধ খদ্দর ভান্ডারের স্বত্বাধিকারী প্রদীপ কুমার দত্ত বলেন, রং ও বৈচিত্র্যে নতুনত্ব আনায় এবার খদ্দরের পাঞ্জাবির চাহিদা বেশি। পূর্বাশা গিফট অ্যান্ড খাদি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আল হেলাল বলেন, ‘নগরে আমাদের চারটি দোকান আছে। সব কটিতেই কাটতি ভালো। ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে এবার খাদির পোশাক আকর্ষণীয় হয়ে উঠেছে ক্রেতাদের কাছে।’
খাদি ঘরের স্বত্বাধিকারী প্রদীপ কান্তি রাহা বলেন, ‘বাংলার ঐতিহ্যকে ভালোবেসে এ দেশের মানুষ আজও খদ্দর ব্যবহার করে। প্রতিবছর ঈদ এলেই খাদির চাহিদা বেড়ে যায়। প্রবাসী বাঙালিরাও ঈদ উপলক্ষে খাদির পাঞ্জাবি নিয়ে যান। ইতিমধ্যে আমাদের প্রতিষ্ঠান থেকে দেশের বিভিন্ন এলাকায় খাদির বিপুলসংখ্যক পাঞ্জাবি, ফতুয়া ও থ্রিপিস সরবরাহ করা হয়েছে।’