জমে উঠেছে কেরানীগঞ্জের কাপড়ের বাজার
ঈদকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জের গার্মেন্টস পল্লির দোকানগুলোতে কাপড়ের ব্যবসা জমে উঠেছে। দোকানগুলোতে শোভা পাচ্ছে বাহারি নকশার পোশাক। দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরাও এখানে কাপড় কিনতে আসছেন।
দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব আগানগর, আগানগর ছোট মসজিদ রোড, চর কালিগঞ্জ ও খেজুরবাগ এলাকায় ছোট বড় মিলিয়ে প্রায় ১০ হাজার ক্ষুদ্র এবং মাঝারি আকারের দোকান রয়েছে। এখানকার ব্যবসায়ীরা বললেন, দাম তুলনামূলক কম হওয়ায় এবং মান ভাল হওয়ায় সারা দেশ থেকে ব্যবসায়ীরা এখানে কাপড় কিনতে আসেন। এবারের ঈদ উপলক্ষে এখানে প্রতিদিন প্রায় একশত কোটি টাকার তৈরি পোশাক বেচাকেনা হচ্ছে। তাঁদের মতে, সারা বছর কেরানীগঞ্জের এ দোকানগুলোতে তৈরি পোশাকের যে চাহিদা থাকে, রোজার ঈদ এবং শীতে সে চাহিদা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। সে কারণে এবারের ঈদের জন্য তারা তিন মাস আগে থেকেই পোশাক তৈরির কাজ শুরু করেন।
পূর্ব আগানগর এলাকার অ্যাঞ্জেল ফ্যাশনের মালিক মো. শাকিল প্রথম আলোকে বলেন, ঈদে ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে রেখে চীন ও থাই ডিজাইনের আদলে প্যান্ট বাজারে আনা হয়েছে। এসব প্যান্টের দাম সাত শ থেকে সাড়ে চার হাজার টাকা। এ ছাড়া বাচ্চাদের পোশাকও বিদেশি বিভিন্ন ডিজাইনের সঙ্গে মিল রেখে করা হয় বলে জানান তিনি।
ঝালকাঠি থেকে এখানকার মার্কেটে পোশাক কিনতে আসা শরীফ মোল্লা প্রথম আলোকে বলেন, ‘প্রতি বছর ঈদে পাইকারি তৈরি পোশাক কিনতে এ গার্মেন্টস পল্লিতে আসি। এখানে এক বছরের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধদের পোশাকও পাওয়া যায়।’ তবে এখনো বেচাকেনা তেমন জমেনি বলে জানান তিনি।
পূর্ব আগানগর এলাকার গার্মেন্টস ব্যবসায়ী নেতা ও এল. বি ফ্যাশনের মালিক মো. আসাদ খান বলেন, এখানে তৈরি পণ্যের চাহিদা সারা দেশব্যাপী। তবে বসুন্ধরা শপিং মল, ইস্টার্ন প্লাজা, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, ধানমন্ডি, উত্তরার বড় বড় বিপণি বিতানের ব্যবসায়ীরাই এখানের মূল ক্রেতা। তিনি বলেন, এবার ঈদ মৌসুমে প্রায় হাজার কোটি টাকার তৈরি পোশাক বিক্রির সম্ভাবনা রয়েছে।