জমে উঠেছে গার্মেন্টসপল্লির কেনাবেচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ সামনে রেখে তৈরি পোশাক কারখানার পাইকারি জামাকাপড় বিক্রি শুরু হয়েছে। ছবিটি পূর্ব আগানগর দক্ষিণ কেরানীগঞ্জ থেকে তোলা l প্রথম আলো
ঈদ সামনে রেখে তৈরি পোশাক কারখানার পাইকারি জামাকাপড় বিক্রি শুরু হয়েছে। ছবিটি পূর্ব আগানগর দক্ষিণ কেরানীগঞ্জ থেকে তোলা l প্রথম আলো

বছরজুড়ে কেরানীগঞ্জের গার্মেন্টসপল্লিতে তৈরি পোশাকের চাহিদা থাকে। তবে রোজার ঈদে চাহিদা বেড়ে দ্বিগুণ হয়। এবারও ঈদের তিন মাস আগে থেকেই নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে পোশাক তৈরির কাজ শুরু করেছেন কেরানীগঞ্জের পোশাক ব্যবসায়ীরা। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আসা ক্রেতাদের ভিড় বেড়েছে গার্মেন্টসপল্লিতে।
দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব আগানগর, আগানগর ছোট মসজিদ রোড, নাগরমহল, চর কালীগঞ্জ ও খেজুরবাগ এলাকায় চার দশকের বেশি সময় ধরে গড়ে উঠেছে এই গার্মেন্টসপল্লি। কেরানীগঞ্জ গার্মেন্টস ও দোকান মালিক সমিতি সূত্রে জানা যায়, বর্তমানে এসব এলাকায় প্রায় ১২০০ ছোট-বড় মার্কেট রয়েছে। এখানে ছোট ও মাঝারি আকারের প্রায় ২০ হাজারের মতো তৈরি পোশাকের দোকান ও কারখানা আছে। এর মধ্যে দোকানের সংখ্যা প্রায় ১২ হাজার এবং ৮ হাজার ছোট-বড় কারখানা রয়েছে। এ গার্মেন্টসপল্লিতে প্রায় দুই লাখ শ্রমিক কাজ করছেন।
কেরানীগঞ্জের গার্মেন্টসপল্লিতে শেষ মুহূর্তে তৈরি পোশাকের সুতা কাটা, ট্যাগ ও স্টিকার লাগানোর কাজ করছেন নারী ও পুরুষ শ্রমিকেরা। এখানকার তৈরি ছোটদের গেঞ্জি, প্যান্ট ও জামা; মেয়েদের সালোয়ার-কামিজ; ছেলেদের জিনস প্যান্ট, গ্যাবার্ডিন প্যান্ট, গেঞ্জি, টি-শার্ট, জামা, পাঞ্জাবি ও ফতুয়া—কী নেই এখানে। আকর্ষণীয় নকশার এসব পোশাক মূলত স্বল্প ও নিম্ন মধ্য আয়ের মানুষের জন্যই তৈরি করা হয়। এসব পোশাক দামেও বেশ সস্তা।
ব্যবসায়ীরা জানান, বছরজুড়েই কেরানীগঞ্জের তৈরি পোশাকের চাহিদা থাকে। তবে ৬০-৭০ শতাংশ বেচাবিক্রি হয় ঈদ মৌসুমে। মূলত শবে বরাত থেকে শুরু করে ২০ রমজান পর্যন্ত পাইকারদের ভিড় থাকে এবং দিনরাত কেনাবেচা চলে। মুসলিম কালেকশনের স্বত্বাধিকারী মো. মোসলেম জানান, এবার ঈদ উপলক্ষে তাঁরা তিন মাস আগে থেকে পোশাক তৈরি করতে শুরু করেছেন। কেরানীগঞ্জের তৈরি পণ্যের দেশব্যাপী চাহিদা থাকলেও মূলত রাজধানীর বসুন্ধরা, ইস্টার্ন প্লাজা, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, ধানমন্ডি ও উত্তরা এলাকার বড় মার্কেটগুলোয় কেরানীগঞ্জের তৈরি পোশাক বিক্রি হচ্ছে।
কেরানীগঞ্জ গার্মেন্টস ও দোকান মালিক সমিতির যুগ্ম সম্পাদক নূরে আলম বলেন, গার্মেন্টসপল্লিতে প্রায় দুই লাখ শ্রমিক কাজ করছেন। প্রতিবছর ঈদ মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পোশাক ব্যবসায়ীরা আসেন। মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত শ্রেণির মানুষের পোশাক তৈরি হয়। এবার ঈদ মৌসুমে প্রায় ৫০০ কোটি টাকার তৈরি পোশাক বিক্রির সম্ভাবনা রয়েছে।