জমে উঠেছে গুরুদাসপুরের লিচুর পাইকারি মোকাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমে উঠেছে নাটোরের গুরুদাসপুরের লিচুর পাইকারি মোকাম। পাইকার, ফড়িয়া আর বিক্রেতাদের হাঁকডাকে সরগরম উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গারামপুর কানু ব্যাপারীর বটতলা।
এই মোকাম এলাকায় প্রায় তিন হাজার বিঘা জমিতে মোজাফ্ফর জাতের আগাম লিচুর আবাদ হয়। এ ছাড়া নাটোর সদর, সিংড়া ও বড়াইগ্রামের বিভিন্ন এলাকার আগাম জাতের লিচুও এই মোকামে ওঠে। তরতাজা লিচু কেনাবেচায় অজপাড়াগাঁয়ে গড়ে উঠেছে এই মোকাম। ২০০১ সাল থেকে এখানে লিচুর আড়ত বসছে।
স্থানীয় লিচু আড়তদার সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন মোল্লা বলেন, এখানে ১৫টি লিচুর আড়ত রয়েছে। প্রতিদিন গড়ে ৪০ ট্রাক লিচু (প্রতি ট্রাকে ২০০ ঝুড়ি, এক ঝুড়িতে ২ হাজার ২০০টি লিচু) ঢাকা, সিলেট, চট্টগ্রাম, যশোরসহ দেশের বিভিন্ন জেলায় যায়। বৈশাখের শেষ সপ্তাহ থেকে এই বাজারে লিচু উঠতে শুরু করে। উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল করিম বলেন, এই মোকামে বিক্রি হওয়া লিচু বাগান থেকে সরাসরি ভোক্তা পর্যায়ে পৌঁছে। তিনি বলেন, এবার উপজেলায় মোট ২ হাজার ৫০০ মেট্রিক টন লিচু উৎপাদিত হয়েছে, যার বাজারমূল্য ২৫-২৭ কোটি টাকা।
রাজশাহী বিভাগীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক সালাম মোল্লা, আবদুর রশিদসহ ১০ জন কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, অধিক তাপমাত্রার কারণে লিচুর উৎপাদন কিছুটা কম হলেও দাম বেশি হওয়ায় সেই ক্ষতি অনেকটাই পুষিয়ে যাচ্ছে।
কৃষক সালাম বলেন, তিনি তিন একর জমিতে লিচুর বাগান করেছেন। প্রতি বিঘায় ১২টি করে লিচুর গাছ রয়েছে। প্রতিটি গাছে গড়ে পাঁচ হাজার লিচু ধরেছে।
মক্কা-মদিনা, হাজি ফল ভান্ডার, ভাই ভাই ফল ভান্ডার, দেশ ফল ভান্ডারসহ মোকামের কয়েকটি লিচুর আড়ত ঘুরে জানা গেল, রকমভেদে প্রতি হাজার লিচু দেড় থেকে ২ হাজার ২০০ টাকায় কেনাবেচা হচ্ছে। বাগান থেকে আনা লিচু উন্মুক্ত ডাকে কিনছেন পাইকার ও ফড়িয়ারা। কেনা লিচুগুলো আড়তে স্তূপ করে রাখা হচ্ছে। শ্রমিকেরা তা প্যাকেটজাত করছেন ট্রাকে ওঠানোর জন্য।
সিলেটের বাদামতলীর মা-বাবা ফল ভান্ডারের কর্মী রফিকুল ইসলাম এখানে এসেছেন লিচু কিনতে। তিনি বললেন, তিনি সাত বছর ধরে এই মোকাম থেকে লিচু কিনে সিলেটে নিয়ে বিক্রি করেন। হাজারপ্রতি ৫০-১০০ টাকা লাভ করতে পারবেন বলে তিনি জানান।