জমে উঠেছে চালকুমড়ার বাজার
চাঁপাইনবাবগঞ্জের বেশির ভাগ বাড়িতে এখন কুমড়ার বড়ি তৈরির ধুম পড়েছে। ফলে এ বড়ির অপরিহার্য উপাদান পাকা চালকুমড়ার বাজারও জমে উঠেছে।
মহানন্দা নদীর তীরে শহরের পাইকারি কাঁচাবাজারেই বসে চালকুমড়ার বাজার। দিনভর বিক্রি হলেও বিকেলে ক্রেতাদের বেশি ভিড় দেখা যায়। এর মধ্যে নারী ক্রেতার সংখ্যাই বেশি।
বিক্রেতাদের মতে, এই বাজারে অবরোধ-হরতালের কোনো প্রভাব নেই। গত বছরের তুলনায় এবার কুমড়ার দাম প্রায় দ্বিগুণ। বিক্রিও হচ্ছে বেশি।
পাইকারি ও খুচরা মিলিয়ে এ কুমড়া বাজারে ১৮ জন বিক্রেতা আছেন। এঁদের মধ্যে কথা হয় মো. শাহজালাল, জমির উদ্দীন, তালেব আলী, ইউসুফ আলী ও মো. লিটনের সঙ্গে। তাঁরা জানান, চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলাসহ নওগাঁর নিয়ামতপুর, পোরশা, সাপাহার ও মান্দা উপজেলা থেকে এ বাজারে কুমড়া আসে। এ ছাড়া দিনাজপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, খুলনা, রাজশাহী, আড়ানী ও আবদুলপুর থেকেও আসে কুমড়া। ট্রাক ও ভটভটিতে করে প্রতিদিন ছোট-বড় মিলিয়ে আড়াই থেকে তিন হাজার কুমড়া আসে এখানে। বিক্রিও হয়ে যায় সব। একেকটি কুমড়ার ওজন দুই থেকে ২০ কেজি পর্যন্ত হয়। প্রতিটি বিক্রি হয় ২০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত। প্রতিদিন কয়েক লাখ টাকার কুমড়া বিক্রি হয়।
বিক্রেতারা জানান, ১০ দিন ধরে পাকা চালকুমড়ার বাজার জমজমাট হয়েছে। প্রতিদিন বিকেলে বাজারে আসা ক্রেতার মধ্যে ৯০ শতাংশই নারী। নারীরা কুমড়ার ভালো-মন্দ চেনেন ভালো। কারণ, নারীরাই বিশেষ পদ্ধতিতে মাষকলাইয়ের আটার সঙ্গে কুমড়া মিশিয়ে তৈরি করেন কুমড়ার বড়ি। এ জেলার নারীদের তৈরি কুমড়ার বড়ির বেশ সুনাম আছে। বছরের এই সময়ে বড়ি তৈরি করে রোদে ভালোভাবে শুকিয়ে সংরক্ষণ করা হয়। সারা বছর খাওয়া যায় সে বড়ি। ইলিশ, বোয়ালসহ বিভিন্ন মাছ দিয়ে বেগুন, টমেটো ও আলুর সঙ্গে কুমড়াবড়ি রান্না করা হয়। উপাদেয় তরকারি হিসেবে চাঁপাইনবাবগঞ্জে এমনকি দেশের বিভিন্ন জেলার মানুষের কাছে এর বেশ কদর রয়েছে। বড়ি তৈরি করে আত্মীয়স্বজনের কাছে উপহার হিসেবে পাঠানোর রেওয়াজ আছে এ জেলায়। বিশেষ করে পরিবারের ঢাকা ও প্রবাসে বসবাসকারী সদস্যদের কাছে কুমড়াবড়ি পাঠাতেই হয়। এ জন্য বেশির ভাগ বাড়িতে পরিবারের সারা বছরের চাহিদার চেয়ে বেশি বড়ি তৈরি করা হয়। দাম কমবেশি যা-ই থাকুক, কুমড়া কিনে বড়ি তৈরি বন্ধ থাকে না বড়ি খাওয়ায় অভ্যস্ত পরিবারের সদস্যদের।
গত শনিবার কুমড়ার বাজারে গিয়ে কথা হয় ক্রেতা পৌর এলাকার হরিপুর মহল্লার মন্টু মিঞার সঙ্গে। তিনি বলেন, ‘৪০০ টাকা করে দুটি কুমড়া কিনেছি। এমন কুমড়া এর আগের বছর কিনেছি ২০০-২২৫ টাকা করে। কিন্তু দাম যা-ই হোক কুমড়া না কিনে বাড়ি ফিরলে গিন্নি আস্ত রাখবে না। বড়ি ছাড়া কি বছর চলে?’