জমে উঠেছে জাতীয় বন্ধু সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পতাকা উত্তোলন করে জাতীয় বন্ধু সমাবেশের উদ্বোধন। ছবি: আশরাফুল আলম।
পতাকা উত্তোলন করে জাতীয় বন্ধু সমাবেশের উদ্বোধন। ছবি: আশরাফুল আলম।

প্রথম আলো বন্ধুসভার জাতীয় বন্ধু সমাবেশ ২০১৮ চলছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার পরে সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চিত্রনায়ক ফেরদৌস ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক।

চিত্রনায়ক ফেরদৌস জাতীয় পতাকা উত্তোলন করেন। আর আনিসুল হক বন্ধুসভার পতাকা উত্তোলন করেন ও বেলুন উড়ান।

প্রথম আলো বন্ধুসভা দুই বছর পরপর আয়োজন করে জাতীয় বন্ধু সমাবেশের। এবার চতুর্থবারের মতো হচ্ছে সমাবেশ, গাজীপুরের মৌচাক স্কাউট মাঠে। ২০১০ সালে শুরু হয় বন্ধু সমাবেশের। সারা দেশের ১৬০০ বন্ধু এই সমাবেশে অংশ নিচ্ছেন। এবার ৬৪ জেলাসহ মোট ১৩১টি বন্ধুসভা অংশ নিচ্ছে সমাবেশে।

মাদক রোধে এগিয়ে আসার জন্য তরুণদের উৎসাহিত করেন মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল।
যোগব্যায়াম নিয়ে কথা বলেন কুশল রায় জয়।

উল্লসিত বন্ধুরা। ছবি: আশরাফুল আলম
উল্লসিত বন্ধুরা। ছবি: আশরাফুল আলম

সমাবেশে প্রথম আলো বন্ধুসভার জাতীয় ও মহানগর কমিটি হয়েছে।

সমাবেশে এসে বন্ধুরা পরবর্তী দুই বছরের কাজের দিকনির্দেশনা গ্রহণ করেন। নিজেদের গড়ে তোলার এবং সর্বোপরি দেশকে সুন্দর করে গড়ার শপথে অংশ নেন। বন্ধুসভার সদস্যরা তাঁদের ভুলত্রুটি নিয়ে আলোচনা করেন। সবার পরামর্শ ও মতামতের ভিত্তিতে দুই বছরের কর্মপরিকল্পনা গৃহীত হয়।

প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ১৯৯৮ সালের ১১ নভেম্বর। সারা দেশে বন্ধুসভার ১৫০টি শাখা রয়েছে। শাখা আছে দেশের বাইরেও।

সমাবেশে এবার বেশ কয়েকটি ক্ষেত্রে পুরস্কার তুলে দেওয়া হবে বন্ধুদের হাতে। যেমন সেরা পাঠক, সেরা পাঠচক্র, সেরা রক্তদাতা বন্ধু, সেরা সংগঠক, শ্রেষ্ঠ বন্ধুসভা ইত্যাদি বিষয়ে। পুরস্কার দেওয়া হবে মোট ১০০টি। ২০১৭ সালের সেরা বন্ধুসভার পুরস্কার পাচ্ছে রাঙামাটি ও চট্টগ্রাম বন্ধুসভা। তাঁরা রাঙামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা করেছেন। বন্ধুরা দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্তদের ত্রাণ-সহায়তা দিয়েছেন।

সঞ্চালনায় ছিলেন সাইদুজ্জামান রওশন।