জমে উঠেছে পূজার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্গাপূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে বসেছে মেলা l ছবি: প্রথম আলো
দুর্গাপূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে বসেছে মেলা l ছবি: প্রথম আলো

কার্টুনের চরিত্রগুলো হাওয়ায় ভাসছে। শিশুদের কেউ কেউ সেগুলো বুকে জড়িয়ে হাঁটছে। চারপাশে হরেক রকম পণ্যের স্টল। লোকের ভিড়ভাট্টায় দাঁড়ানোই মুশকিল। তবু সবার উঁকিঝুঁকি দিয়ে একটু দেখার চেষ্টা মেলায় কী কী পাওয়া যাচ্ছে। দুর্গাপূজায় বাড়তি আনন্দ দেয় এই মেলা।
গতকাল সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও শাঁখারীবাজারে গিয়ে দেখা যায়, দেবীদর্শনের পাশাপাশি ভক্তেরা ভিড় জমাচ্ছেন মেলাতেও। চার দিন ধরে রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপের পাশে মেলা হচ্ছে।
জগন্নাথ হলে পূজার মেলায় নাগরদোলা, চরকিসহ রয়েছে বিনোদনের বিভিন্ন ব্যবস্থা। খাজা-গজাসহ রকমারি খাবার তো আছেই। মণ্ডপের পাশেই হলের বিশাল মাঠ। অনেকেই সেখানে বসে আড্ডায় মেতে উঠেছেন। অনিরুদ্ধ তার মায়ের আঁচল ধরে টানছে। নাগরদোলায় চড়বে। কিন্তু মা চাইছেন প্রতিমা দেখা শেষ করে ওকে চড়াবেন। অনিরুদ্ধ তার দাবিতে অটল। অবশেষে ছেলের জেদের কাছে মা হার মানলেন। নাগরদোলায় চড়ে অনিরুদ্ধ আনন্দে আটখানা। বলল, ‘এখানে চড়তে খুব মজা।’ নাগরদোলায় সামনে তখন লম্বা লাইন।
সনাতন ধর্মাবলম্বী ছাড়াও অনেকে ঘুরতে এসেছেন মেলায়। বন্ধুদের নিয়ে এসেছেন সোহেল মাহমুদ। তিনি বলেন, ‘প্রতিবছরই আসি। বৈশাখ আর পূজা ছাড়া এমন আমেজ তো পাওয়া যায় না।’
শাঁখারীবাজারের মেলায় ভিড় তুলনামূলক বেশি। প্রবেশদ্বার থেকে পুরো সড়কের দুই ধারে বাহারি পণ্যের স্টল। মন্ডা-মিঠাই, নিমকি, লাড্ডুসহ নানা রকম মিষ্টিজাতীয় খাবার সড়কের শুরুতে সাজানো। এক দোকানি বলেন, পূজা উপলক্ষে তাঁরা এগুলো নিজেরা বানিয়ে আনেন। তবে এবারের বেচা-বিক্রি নিয়ে তাঁরা তেমন সন্তুষ্ট নন।
ঘর সাজানোর পণ্য থেকে কাপড়, সাজসজ্জা, খাবার—সবই পাওয়া যাচ্ছে মেলায়। কিছু কিছু স্টলে চলছে বিভিন্ন অফার। শাঁখারীবাজারে অনেকগুলো পূজামণ্ডপে পূজা হচ্ছে। সরু রাস্তায় চলতে হয় লাইন ধরে। হাঁটতে গেলে হঠাৎ দেখা যায়, মাটিতে নানা রকম সবজি আর ফলের সমারোহ। একটু এগিয়ে দেখা গেল, এক শিশু একটি ঝুড়ির মধ্যে রসুন, কাঁচা মরিচ, পটোল, লেবু, আতা, কমলা আর ছোট্ট কিছু পাখি নিয়ে পসরা সাজিয়েছে। তবে এগুলো মাটির তৈরি। মাটির এই খেলাগুলোর প্রতি আগ্রহ অনেকেরই। দীপ্তি রানি সাহা দাঁড়িয়ে দেখছিলেন। তিনি বলেন, এই জিনিস সব সময় পাওয়া যায় না। দেখতে ভালো লাগে। ছোটবেলার মেলার কথা মনে পড়ে।
শাঁখারীবাজারের এই পূজার মেলা বসে ৪৫ বছর ধরে। প্রতিদ্বন্দ্বী পূজা কমিটি এ মেলার অন্যতম এক আয়োজক। এ কমিটির সেক্রেটারি উৎপল ঘোষ বলেন, ‘এই মেলা আমাদের উৎসবের আমেজ আরও বাড়িয়ে দেয়।’ আজ মঙ্গলবার বিজয়া দশমী। দেবী দুর্গা বিদায় নেবেন। মেলাও ভাঙবে। আবার আগামী বছর দেবীর আগমনের মধ্য দিয়ে মণ্ডপের আশপাশে বসবে মেলা।