জমে উঠেছে প্যাটিনসন-রাইলির প্রেম!

চার বছরের প্রেমিকা ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে সম্পর্কের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেওয়ার পর মডেল ও অভিনেত্রী রাইলি কেওফের সঙ্গে প্রণয়ে জড়িয়েছেন ‘টোয়াইলাইট’ তারকা রবার্ট প্যাটিনসন। এরই মধ্যে বেশ জমে উঠেছে প্যাটিনসন-রাইলির নতুন প্রেমের অধ্যায়। একে-অন্যের সঙ্গ দারুণ উপভোগ করছেন তাঁরা। ক্রিস্টেনের সঙ্গে গত মে মাসে প্রেমের ইতি টানার পর ‘দ্য কিং অব রক অ্যান্ড রোল’ এলভিস প্রিসলির নাতনি রাইলির সঙ্গে প্যাটিনসনের প্রেমের খবর চাউর হয়। এখন পর্যন্ত নতুন প্রেম নিয়ে প্যাটিনসন ও রাইলি মুখ না খুললেও তাঁদের হাঁড়ির খবর ফাঁস করতে মরিয়া হয়ে উঠেছে হলিউডকেন্দ্রিক বিভিন্ন সংবাদমাধ্যম। এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্যের ‘ফিমেলফার্স্ট’ সম্প্রতি এক খবরে জানিয়েছে, নতুন এ জুটির সখ্য দিনকে দিন বেড়েই চলেছে। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের ভাষ্য, ‘সত্যিই দারুণ সময় কাটাচ্ছেন রব ও রাইলি। যদিও মাত্রই তাঁরা মন দেওয়া-নেওয়া করেছেন, কিন্তু এরই মধ্যে পরস্পরের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করছেন দুজন। বলা যায়, একে-অন্যের প্রেমে হাবুডুবু খাচ্ছেন তাঁরা। রাইলি খুবই ঠান্ডা মাথার একজন মেয়ে। খ্যাতি-যশ নিয়ে তিনি মোটেও মাথা ঘামান না। রাইলির এই গুণগুলো প্যাটিনসনের দারুণ মনে ধরেছে।’
সূত্রটি আরও জানায়, ইদানীং প্রচুর সময় একসঙ্গে কাটাচ্ছেন প্যাটিনসন ও রাইলি। প্যাটিনসনের বাড়িতেই অভিসারে মেতে উঠেছেন তাঁরা। রাইলি খুব দ্রুত মজাদার সব খাবার বানাতে ওস্তাদ। তিনি হেঁশেলে ঢুকে মাত্র ১০ মিনিটের মধ্যে প্লেট ভর্তি সুস্বাদু পাস্তা বানিয়ে প্রেমিককে পরিবেশন করছেন। রাইলির রান্নার গুণটিও মুগ্ধ করেছে প্যাটিনসনকে। রাজনীতি, মানবাধিকার কিংবা সকালের খবরের কাগজে পড়া কোনো বিষয় নিয়ে প্রায়ই তর্ক-বিতর্ক চলে তাঁদের মধ্যে।
পিয়ানো বাজানোয় সিদ্ধহস্ত রাইলি। আর দারুণ গিটার বাজাতে পারেন প্যাটিনসন। তাঁরা দুজন মিলে জ্যামিং করছেন। স্রেফ মজা করার জন্য হাস্যকর ও অদ্ভুত গানও বাঁধছেন। মজাদার কথার ছোট ছোট কবিতাও লিখছেন প্যাটিনসন ও রাইলি।
প্রসঙ্গত, গত বছর ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’ ছবির নির্মাতা রুপার্ট স্যান্ডার্স ও ক্রিস্টেনের পরকীয়ার খবর ও ছবি ফাঁস হওয়ার পর ঝড় উঠেছিল ক্রিস্টেন-প্যাটিনসনের সম্পর্কে। পরে বেশ কয়েকবার সম্পর্ক ভাঙা-গড়ার খেলায় মেতেছেন ‘টোয়াইলাইট’খ্যাত এ তারকাযুগল। গত ১৩ মে ছিল প্যাটিনসনের ২৭তম জন্মদিন। ওই দিন ক্রিস্টেনকে পাঠানো রুপার্টের একটি এসএমএস চোখে পড়ার পর ক্রিস্টেনের সঙ্গে চার বছরের প্রেমের চূড়ান্ত ইতি টানেন ব্রিটিশ অভিনেতা প্যাটিনসন।