জমে উঠেছে প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। প্রতীক পেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন ১৫৯ জন প্রার্থী। ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন তাঁরা। আগামী ২ জুন উপজেলার তিন ইউনিয়ন—ঘুমধুম, নাইক্ষ্যংছড়ি সদর ও সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৫ মে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাইনুল হক প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। তিন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ১৮, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৭ ও সদস্য পদে ১০৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন বিএনপির সভাপতি নুরুল আলম (তালা), জামায়াতের উপজেলা আমির রফিক আহাম্মদ (দোয়াত-কলম), যুবলীগের সাবেক নেতা ছৈয়দ আলম (কাপ-পিরিচ), আবু সৈয়দ (চশমা), স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল আলীম (মাইক) ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন (আনারস)।
ঘুমধুম ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন বর্তমান চেয়ারম্যান দীপক বড়ুয়া (কাপ-পিরিচ), আওয়ামী লীগের নেতা খালেদ সরওয়ার (চশমা), জাহাঙ্গীর আজিজ (আনারস), অরবিন্দ বড়ুয়া (দোয়াত-কলম), বিএনপির নেতা আবদুর রশিদ (তালা) ও সজীব চাকমা (মাইক)।
সোনাইছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির সভাপতি চাইহ্লা থোয়াই মারমা (আনারস), আওয়ামী লীগের নেতা বাহাইন মারমা (তালা), অংথোয়াইহ্লা তঞ্চঙ্গ্যা (উড়োজাহাজ), মো. ইকবাল (চশমা), বশির আহাম্মদ (মাইক) ও নুরুল আলম (কাপ-পিরিচ)।
উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে ভোটারসংখ্যা নয় হাজার ১৬২, সোনাইছড়িতে দুই হাজার ৯০৭ ও ধুমধুম ইউনিয়নে আট হাজার ১১৯।