খাগড়াছড়ির গুইমারা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের প্রচারণা জমে উঠেছে। ইউনিয়নগুলোতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা।
৩১ অক্টোবর গুইমারার তিন ইউপি নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।
গত শনিবার সরেজমিনে দেখা যায়, প্রার্থীদের পোস্টারে উপজেলার বিভিন্ন অঞ্চল ছেয়ে গেছে। আওয়ামী লীগ ও বিএনপির কর্মীরা নিজ দলের প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বসে নেই স্বতন্ত্র প্রার্থীরাও।
কয়েকজন ভোটার বলেন, প্রতিদিন প্রার্থীদের ডাকে তাঁদের ঘুম ভাঙছে। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। তাঁরাও প্রার্থীদের সামনে এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরছেন। প্রার্থীরা নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন।
সিন্দুকছড়ি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মাঠে লড়ছেন জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও চারবারের ইউপি চেয়ারম্যান সুইনুপ্রু চৌধুরী। তিনি এবারও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এ ইউনিয়নে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন গুইমারা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক দীন মুহাম্মদ। এখানে স্বতন্ত্র প্রার্থী রেদাক মারমা।
সিন্দুকছড়ি ইউনিয়নের বাসিন্দা অংগ্যজাই মারমা বলেন, ‘ভোট এলে অনেকে আমাদের কাছে ভোট চাইতে আসেন। কিন্তু ভোট চলে গেলে তাঁরা আমাদের কাছে আসেন না, থাকেন শহরে। শহরে গিয়ে সমস্যার কথা বলাও সম্ভব হয় না।’ তিনি বলেন, ‘যে প্রার্থী আমাদের খোঁজখবর রাখবেন, সে প্রার্থীকে আমরা নির্বাচিত করতে চাই।’
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভোটার বলেন, কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কায় আছেন তাঁরা।
গুইমারা সদর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন নির্মল নারায়ণ ত্রিপুরা। আর নৌকা প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান চেয়ারম্যান মেমং মারমা। অন্যদিকে এ ইউনিয়নে বিএনপির প্রার্থী মোকলেছুর রহমান।
স্বতন্ত্র প্রার্থী নির্মল নারায়ণ ত্রিপুরা বলেন, তাঁর বাবা ১৯৭৩ সাল থেকে টানা ৩০ বছর চেয়ারম্যান ছিলেন। এলাকায় তাঁদের পরিবারের সুনাম আছে। সুষ্ঠু নির্বাচন নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন।
তবে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মেমং মারমা বলেন, ভোট সুষ্ঠুভাবে শেষ হবে।
অন্যদিকে বিএনপির মনোনীত প্রার্থী মোকলেছুর রহমানও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
হাফছড়ি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী গত দুবারের চেয়ারম্যন চাইথোয়াই মারমা। এই ইউনিয়নে বিএনপির প্রার্থী মো. মাহবুব আলী। আর জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে লড়ছেন মো. জামাল উদ্দিন। এ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা।
গুইমারা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রিপন হোসেন বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।