জমে উঠেছে প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা জমে উঠেছে।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে উপজেলার বিভিন্ন অঞ্চল। আওয়ামী লীগ ও বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী ও তাঁদের কর্মীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বসে নেই স্বতন্ত্র প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকেরাও।
নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন।
কয়েকজন ভোটার বলেন, প্রার্থীরা ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। প্রতিদিন প্রার্থীদের ডাকে তাঁদের ঘুম ভাঙছে। তাঁরা প্রার্থীদের সামনে এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরছেন। নির্বাচিত হলে প্রার্থীরা এসব সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন।
সিন্দুকছড়ি ইউনিয়নের বাসিন্দা অংগ্যজাই মারমা বলেন, ‘ভোট এলে অনেকে ভোট চাইতে আসেন। ভোট চলে গেলে তাঁরা আমাদের কাছে আসেন না, শহরে গিয়ে থাকেন। তাঁদের কাছে গিয়ে সমস্যার কথা বলা সম্ভব হয় না। যে প্রার্থী আমাদের খোঁজখবর রাখবেন, সে প্রার্থীকে আমরা নির্বাচিত করতে চাই।’
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভোটার বলেন, কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে তাঁরা শঙ্কায় আছেন।
বিএনপির প্রার্থী মো. ইউসুফ বলেন, ‘গণসংযোগকালে ভোটারদের কাছ থেকে সাড়া পাচ্ছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’
স্বতন্ত্র প্রার্থী উশেপ্রু মারমা বলেন, বিগত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সরকারদলীয় প্রার্থীরা বহিরাগত এনে ভোটকেন্দ্র দখলের চেষ্টা করেছিলেন। কিন্তু তখন জনগণ প্রতিহত করেছে। এবারও জনগণ এভাবে প্রতিহত করবে বলে তিনি মনে করছেন।
আওয়ামী লীগের প্রার্থী মেমং মারমা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুইমারাকে উপজেলা ঘোষণা করেছেন। তাই জনগণ আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দেবে।’
গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা বি এম মশিউর রহমান বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচন অবাধ, গ্রহণযোগ্য ও প্রভাবমুক্ত করতে প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আশা করি, নির্বাচন সুষ্ঠু হবে।’
খাগড়াছড়ির রামগড় উপজেলার হাফছড়ি, মহালছড়ির সিন্দুকছড়ি ও মাটিরাঙ্গা উপজেলার গুইমারা ইউনিয়ন নিয়ে গুইমারা উপজেলা গঠন করা হয়। উপজেলায় ভোটার ২৭ হাজার ৩৮১ জন। আগামী ৬ মার্চ গুইমারা উপজেলা পরিষদের প্রথম নির্বাচন হবে।